বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠার কাগজ চেয়েছে তথ্য কমিশন
স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নিয়মনীতি ও বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অনুমোদনের কাগজপত্র চেয়েছে তথ্য কমিশন। সরকারি কর্মকর্তাদের সাত দিনের মধ্যে এসব কাগজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন।
আজ রোববার বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দরিদ্র ও মেধাবী কোটায় ভর্তির তথ্য বিষয়ে শুনানি শেষে কমিশন এ নির্দেশ দেন। পাশাপাশি ৮ আগস্ট নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম শুনানিতে অংশ নেন।
তথ্য কমিশনের কাগজপত্রে দেখা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে দরিদ্র ও মেধাবী কোটায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজে কারা আবেদন করেছিলেন, দরিদ্র ও মেধাবী কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নাম, ঠিকানা ও মেধা স্কোরের তালিকা চেয়ে মো. শামসুদ্দিন সুমন নামের এক শিক্ষার্থী তথ্য অধিকার আইনে এ বছর ২৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেন। স্বাস্থ্য অধিদপ্তর তাঁকে তথ্য দেয়নি। মো. শামসুদ্দিন সুমন প্রার্থিত তথ্য না পেয়ে ৫ মার্চ আপিল কর্তৃপক্ষ স্বাস্থ্যসচিবের (স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ) কাছে একই তথ্য চেয়ে আবেদন করেন। আপিল আবেদনের পরও কোনো প্রতিকার না পেয়ে মো. শামসুদ্দিন সুমন ১৩ মে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন আজ শুনানির দিন ধার্য করেছিলেন। মো. শামসুদ্দিন সুমন নিজে ওই কলেজে দরিদ্র ও মেধাবী কোটায় ভর্তির আবেদন করেছিলেন।
আজকের শুনানিতে মো. শামসুদ্দিন সুমন ও তাঁর আইনজীবী মাকসুদুন নবী উপস্থিত ছিলেন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন স্বাস্থ্য তথ্য শাখার প্রধান আবদুস সালাম। তাঁর সঙ্গে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশের আলম ও সাবেক অধ্যক্ষ আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
আজ তথ্য কমিশনে ১০টি অভিযোগের শুনানি শেষে সাতটি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি, দুটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ ধার্য এবং একটি অভিযোগ খারিজ করা হয়।