বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ছয় মাসের বেতন আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কয়েকটি বেসরকারি কলেজ ছয় মাসের বেতন নিচ্ছে। পরীক্ষার ফি ছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ থেকে ৬০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে। ‘সম্মিলিত বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীবৃন্দ’ এই কর্মসূচির আয়োজন করে। ব্যানারে লেখা ছিল, ‘অবৈধভাবে অতিরিক্ত বেতন আদায়ের প্রতিবাদে মানববন্ধন’।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই প্রতিবেদককে বলেন, চূড়ান্ত পেশাগত পরীক্ষায় কোনো কোনো বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ছয় মাস পর ওই বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এই ছয় মাস অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য কলেজে কোনো তাত্ত্বিক বা ব্যবহারিক ক্লাস হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক শাহাবুদ্দিন মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বলেছেন, ‘অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য এক টাকাও কলেজ কর্তৃপক্ষ খরচ করে না। কিন্তু প্রতি মাসের হিসাব ধরে ছয় মাসের বেতন নিচ্ছে।’ কোনো কোনো কলেজে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ৩০।

মানববন্ধন কর্মসূচিতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিএমডিসির কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। কর্মকর্তারা শিক্ষার্থীদের বলেন, বেতনাদির বিষয় বিএমডিসির এখতিয়ারের বাইরে। কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।

এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয় এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। গতকাল বিকেলে মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যাপারে বেসরকারি মেডিকেল কলেজগুলো কী করছে তা জানার উদ্যোগ নিয়েছি। আলোচনার পর ছয় মাসের বেতনের বিষয় চূড়ান্ত হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাসের এই অতিরিক্ত বেতন সব বেসরকারি মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে না।