বেসরকারি মেডিকেলে ভর্তির নম্বর কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মেডিকেল কলেজ মালিকপক্ষ চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিতে পাস নম্বর কমানোর দাবি জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল বন্ধে একটি চক্র কাজ করছে।
গতকাল রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। তাঁরা এমবিবিএস কোর্সে ভর্তিতে ১০০ নম্বরে ২০ ও বিডিএস কোর্সে ভর্তিতে ১০০ নম্বরে ১০ নির্ধারণের দাবি জানান।
বিপিএমসিএর উপদেষ্টা ও এমএইচ শমরিতা মেডিকেল কলেজের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নাই। তারা বেতন দিতে পারে না। আমরা দেড় লাখ টাকা বেতন দিই।’
বিপিএমসিএর সভাপতি মোয়াজজেম হোসেন বলেন, ‘বাংলাদেশের তিনজন জাতীয় অধ্যাপকের দুজন দ্বিতীয় বিভাগ থেকে পাস করেছেন। এতে কোনো সমস্যা হয়নি।’ এ বছর ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ নির্ধারণ করেছে সরকার। ৪০ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করেছে সরকারি মেডিকেল কলেজগুলো ও বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ। অন্যদিকে আসন খালি আছে এই কথা বলে মালিকপক্ষের একটি অংশ অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ভর্তি করানোর পাঁয়তারা করছে।