রাজধানীর স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের ডেন্টাল বিভাগের তিন শিক্ষার্থীকে অন্য কয়েকজন শিক্ষার্থী পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা হলেন ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের রাবেয়া বসরী, সানজিদা আফরিন ও অভিষেক রায়। তাঁদের অভিযোগ, তাঁদের ওপর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। কলেজ কর্তৃপক্ষও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি।আহত শিক্ষার্থীরা জানান, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাবেয়া, সানজিদা ও অন্বেষা ঘোষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এ সময় রাবেয়া উচ্চ স্বরে হাসলে তাঁর সহপাঠী রাকিবুল রাবেয়াকে গালি দেন। এ নিয়ে তাঁদের সঙ্গে রাকিবুলের কথা-কাটাকাটি হয়।ওই দিন রাতে তৃতীয় বর্ষের ছাত্র মুন্সী আলী আরাফাত রাবেয়াকে ফোন করে পরদিন (বৃহস্পতিবার) সকাল ১০টায় ডেন্টাল ল্যাবের চতুর্থ তলায় যেতে বলেন। সেখানে কলেজের ছাত্রনেতা সারোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে আরাফাত, বনী আমিন শাওন, রাকিবুল হাসান ও রায়হানুল ইসলাম ল্যাবের দরজা বন্ধ করে দিয়ে রাবেয়াকে রাকিবুলের সঙ্গে খারাপ ব্যবহারের কারণ জানতে চান। একপর্যায়ে সারোয়ার রাবেয়াকে বকাঝকা শুরু করলে রাবেয়া ও তাঁর সঙ্গে থাকা সানজিদা ও অভিষেক রায় এর প্রতিবাদ করেন। তখন সারোয়ার ও অন্যরা মিলে তাঁদের মারতে থাকেন। এতে সানজিদার বাঁ চোখের নিচে জখম হয়, অভিষেকের বাঁ হাত কেটে যায় এবং কপাল, মাথা ও ঘাড়ে আঘাত পান। রাবেয়া বারবার দরজা খুলতে গেলে রায়হানুল তাঁকে বাধা দেন এবং ওড়না কেড়ে নেন।আহত শিক্ষার্থীদের চিৎকার শুনে বিভাগের প্রধান সৈয়দ নজরুল হুদা, শিক্ষক আনিসুর রহমান ও মোবাশ্বের আহমেদ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে আহত শিক্ষার্থীরা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের অভিযোগ, তাঁরা মামলা করতে গেলে ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন মামলা না নিয়ে তাঁদের বিভাগের প্রধানকে ফোন করে ডেকে বিষয়টি মীমাংসা করতে বলেন।বৃহস্পতিবারও মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে ব্যর্থ হলে আমরা দেখব। আহত শিক্ষার্থীরা চিকিৎসকের কাছ থেকে আহত হওয়ার সনদ আনলে মামলা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে সারোয়ার প্রতিবেদন না করার জন্য অনুরোধ করেন। মুন্সী আলী আরাফাত বলেন, ‘বিষয়টি আমাদের শিক্ষকেরা দেখছেন, এর বেশি কিছু বলতে চাই না।’ সৈয়দ নজরুল হুদা বলেন, এ ঘটনায় উপাধ্যক্ষকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।