বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রের কর্মীদের দৌরাত্ম্য, চিকিৎসকদের যোগসাজশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগ নির্ণয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের বিভিন্ন বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্রের লোকজন গিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকা লোকদের রক্তসহ বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। গতকাল মঙ্গলবার ও গত সোমবার হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে। রোগীদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই তাঁরা এটা করছেন। আর হাসপাতালের বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে খরচ পড়ে প্রায় তিনগুণ বেশি।গত সোমবার গিয়ে দেখা গেছে, হাসপাতালের ১ নম্বর মেডিসিন ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন শহীদুল ইসলামের (৫২) শরীর থেকে রক্ত সংগ্রহ করছেন বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লিটন মিয়া নামের একজন কর্মী। শহীদুল বলেন, রক্ত নেওয়ার পর একজনকে ৫০ টাকা দেওয়া হয়। এরপর রক্তের দুটি পরীক্ষা বাবদ দেওয়া হয় ৮০০ টাকা। রক্ত নেওয়ার সময়ও শহীদুল জানতেন না পরীক্ষা করানো হবে বাইরে থেকে। অথচ হাসপাতালে ওই পরীক্ষা করাতে তাঁর খরচ হতো ২০০ টাকা। একই ওয়ার্ডে চিকিৎসাধীন হাসান ইমাম (২০)। হাসপাতালের বাইরের একটি বেসরকারি প্রতিষ্ঠান হাইপারটেনশন সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানোর জন্য সাদা কাগজে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরামর্শ দিয়েছেন। হাসান ইমাম বলেন, ‘শুনেছি এই হাসপাতালোত এইগলা সোগ পরীক্ষা করা হয়। কিন্তু এলা দেখছি বাইরোত থাকিয়া করা হইল। তাতে খরচও অনেক বেশি পড়িল।’ ১ নম্বর মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আনোয়ার বলেন, ‘অনেক সময় বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। তবে তিনি এমন পরামর্শ দেন না বলে দাবি করেন।’ গত সোমবার দুপুরে ২ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আবেদ আলীর (৬০) রক্ত ওয়ার্ডেই সংগ্রহ করছিলেন বেসরকারি প্রতিষ্ঠান অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মী। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন নারায়ণ চন্দ্র সরকারকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলী বলেন, ভালো মানের পরীক্ষা-নিরীক্ষার জন্য অনেক সময় বাইরে পাঠানো হয়।৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের রোগী মুক্তা রানী ও তুলসী রানীকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত, মূত্র, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়েছে। হালিমা খাতুনকে ইসিজি, এক্স-রে ও রক্ত পরীক্ষা রোগ নির্ণয়কেন্দ্র অ্যাপোলো থেকে করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এসব রোগীর অভিযোগ, তারা কেউ জানেন না যে এসব পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করা হবে। হালিমা খাতুন বলেন, ‘হাসপাতালোত চিকিৎসা কইরবার আসিয়া বিপদত পড়ছি। মেলা টাকা খরচ হয়া গেল।’ এই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আবদুল ওহাব বাইরে থেকে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা স্বীকার করেছেন। হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান আমিরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, রক্ত, মলমূত্রসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই আছে। আর খরচও অনেক কম পড়ে। কিন্তু এর পরও কেন বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো আমারও প্রশ্ন।’ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আহাদ বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা হাসপাতালে নেই, সেগুলোর জন্যই হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালের পরিচালক তৌফিকুর রহমান বিভিন্ন বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রের কর্মীরা হাসপাতালে গিয়ে রোগীদের রক্ত সংগ্রহের কথা স্বীকার করে বলেন, এসব আর কত দেখি। এ ব্যাপারে এর আগেও অনেকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক দিন বন্ধ থাকার পর তা আবার শুরু হয়।