বেসরকারি শিক্ষকদের দেওয়া টাইম স্কেল স্থগিত করাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা মনে করেন, ‘বর্তমান সরকারকে বিব্রত করতেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের টাইম স্কেল স্থগিত করা হয়েছে।’গতকাল রোববার সংসদ ভবনে কমিটির এক সভায় এসব কথা বলা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য হুইপ মির্জা আজম, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম। অসুস্থতার কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় যোগ দিতে পারেননি। এ জন্য কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে প্রযোজনীয় সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় কমিটির একাধিক সদস্য বলেন, বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল স্থগিত করা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। কাউকে একবার আর্থিক সুবিধা দিয়ে কোনো কারণ ছাড়া তা বন্ধ করা অমানবিক ও মৌলিক অধিকার হরণ করার শামিল।