বেসরকারি শিক্ষকদের মহাসমাবেশ
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা বাড়ানোসহ শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বরিশালে বিভাগীয় মহাসমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় কমিটি ওই সমাবেশের আয়োজন করে।সমাবেশে শিক্ষক-কর্মচারীদের অনেকে বলেন, অনতিবিলম্বে সরকারি স্কুল-কলেজের মতো বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, বোনাস, চিকিৎসাভাতা দিতে হবে। একই সঙ্গে প্রণোদনা ভাতা, উচ্চতর বেতন স্কেল নির্ধারণ, এমপিওভুক্তিসহ বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। প্রতি মাসের বেতন চলতি মাসের ১ তারিখের মধ্যে প্রদান এবং নিরীক্ষার নামে স্কুল, কলেজ, মাদ্রাসায় ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। একটি অভিন্ন শিক্ষানীতির জন্য শিক্ষকেরা আন্দোলন করলেও বর্তমান শিক্ষানীতিতে সরকারি ও বেসরকারি কথা উল্লেখ রেখে বৈষম্যই রাখা হয়েছে।সমাবেশ থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবির পক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ অক্টোবর কেন্দ্রীয় ফ্রন্টকে আন্দোলনে নামতে চিঠি দেওয়া, বরিশালের জেলা ও উপজেলায় সংগ্রাম কমিটি গঠন, কোরবানির ঈদের তিন দিন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাসভবনে কালো পতাকা উত্তোলন, ২২ নভেম্বর উপজেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন, ২৪ নভেম্বর প্রতীকী অনশন, ২৮ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি, ১২ ডিসেম্বর কুঁড়েঘর ও কবুতরের ঘর তৈরি করে ১০০ টাকা বাড়িভাড়া প্রদানের প্রতিবাদ, ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন পালন।