বেসরকারি শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটির পরিপত্র জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষক ও কর্মচারীদের জন্য ছয় মাস মাতৃত্বকালীন ছুটির পরিপত্র গতকাল রোববার জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।পরিপত্রে বলা হয়েছে, গর্ভবতী হওয়ার পর নারী কর্মী যে তারিখ থেকে ছুটিতে যাওয়ার আবেদন করবেন, ওই তারিখ থেকেই এ ছুটি মঞ্জুর করতে হবে। তবে সন্তান প্রসবের তারিখটি ছুটি শুরুর সর্বশেষ তারিখ হবে। চিকিত্সকের সনদসহ কেউ এ ছুটির জন্য আবেদন করলে তা না মঞ্জুর করা বা ছয় মাসের কম দেওয়া অথবা ছুটি শুরুর তারিখ পরিবর্তন করার ক্ষমতা ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির থাকবে না। একজন নারী শিক্ষক ও কর্মচারী সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ দুইবার প্রসূতি ছুটি পাবেন। এ ছুটিতে যাওয়ার আগে সেই নারী যে হারে বেতন-ভাতা পেতেন, ছুটিতে থাকা অবস্থায়ও তিনি তা পাবেন।গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সরকারি কর্মজীবী নারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নারীদের জন্যও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।