বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাস পেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এবার শেষ পর্যন্ত আর ঈদ বোনাস পাচ্ছেন না। গত বৃহস্পতিবার ছিল ব্যাংক কার্যদিবসের শেষ দিন। এদিন বেসরকারি শিক্ষকদের ঈদের বোনাস বিল ব্যাংকে আসার কথা ছিল।
তিনটি উপজেলার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক ও কর্মচারী রয়েছেন। বোনাসের বিলের আশায় বৃহস্পতিবার সারা দিনই তাঁরা ব্যাংকে প্রহর গুনেছেন। শেষ সময়ে বোনাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সোনালী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া শাখায় গত বৃহস্পতিবার ছিল শিক্ষকদের উপচে পড়া ভিড়। জিয়ানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব গনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) শিক্ষকদের বোনাস বিলের চিঠি ব্যাংকে আসার কথা। শিক্ষকদের বোনাস বিলও তৈরি করে এনেছি। চিঠি এলেই বিল জমা দেব। কিন্তু বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চিঠি আসেনি।’ তিনি আরও বলেন, ‘বোনাসের জন্য সারা দিনই শিক্ষকেরা ফোনে খোঁজ নিয়েছেন।’
কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মুঠোফোনে বলেন, ব্যাংকের শেষ দিন বোনাস বিলের চিঠি আসার কথা ছিল। শিক্ষকেরা বোনাসের জন্য কাহালুর ব্যাংকেও সারা দিন ভিড় করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা খালি হাতে ফিরে গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এ দুটি উপজেলায় ৬৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬২টি মাদ্রাসা, ১১টি কলেজ ও ৫টি কারিগরি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় তিন হাজার শিক্ষক ও কর্মচারী আছেন।
দুপচাঁচিয়ার জাহানারা কামরুজ্জামান (জেকে) কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বেতন–বোনাস নিয়ে সরকার বেশ কয়েকবার খেলা খেলি করল। বোনাস নিয়েও একই ঘটনা ঘটিয়ে পরে নতুন বেতন স্কেলে বোনাস দিল। কিন্তু শিক্ষকেরা ঈদের আগে বোনাস পেলেন না।’
মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি আবদুল গোফফার মুঠোফোনে বলেন, ‘ঈদের আগে বোনাস পেলে শিক্ষকদের ঈদটা ভালো হতো।’
সোনালী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘বোনাসের জন্য শিক্ষকেরা সকাল থেকেই ব্যাংকে ভিড় করেন। আমি বেশ কয়েকবার বগুড়া হেড অফিসে খোঁজ নিয়েছি। বোনাসের চিঠি এলে যত রাতই হোক শিক্ষকদের বোনাসের টাকা দিয়ে যেতাম।’
এদিকে রায়গঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৩৫টি বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা, ৯টি কারিগরি বিদ্যালয় ও ১০টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জন। বৃহস্পতিবার বিকেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের বিল সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের ধানগড়া শাখায় জমা হয়। কিন্তু ঈদের আগে আর কোনো কর্মদিবস না থাকায় এসব শিক্ষক-কর্মচারীরা আর উৎসব ভাতা তুলতে পারছেন না।
উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মাসুদ রানা বলেন, ‘সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বোনাস ও জুন মাসের বেতন পেয়েছেন। কিন্তু ঈদের আগে আমাদের বোনাস পাওয়ার নিশ্চয়তা নেই।’ তিনি এ অবস্থা পরিবর্তনে জরুরি পদক্ষেপ কামনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, ‘ঈদের আগেই আমরা বোনাসের টাকা ব্যাংক থেকে তুলতে পারব বলে আশা করে আছি।’ গতকাল শুক্রবার সোনালী ব্যাংক ধানগড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে বোনাস দেওয়ার জন্য নির্দেশনা পাওয়া যায়। ঈদের আগে আর কর্মদিবস না থাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বোনাস তুলতে পারবেন না বলে তিনি জানান।