এ সপ্তাহে তালিকা চূড়ান্ত হতে পারে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টরা
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিল। মন্ত্রণালয়ে আসার কারণ জানতে চাইলে তিনি জানালেন, এমপিওভুক্তির (শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ প্রাপ্তি) জন্য যেসব শর্ত পূরণের কথা, তা অর্জন করতে পারেনি তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গড়া হয়েছে। অকপটে তিনি স্বীকার করলেন, নামের কারণে একটু বাড়তি সুযোগ পাওয়ার আশায় তিনি মন্ত্রণালয়ে এসেছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানালেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চারদিক থেকে প্রচণ্ড চাপ আসছে। এ জন্য এমপিওভুক্তির জন্য গঠিত কমিটির সদস্যরা সচিবালয়ের বাইরে গোপনে কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন নেই মর্মে একটি বিজ্ঞপ্তি টাঙাতেও বাধ্য হয়েছে মন্ত্রণালয়। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, তদবির ও চাপ এড়াতে শিক্ষা অধিদপ্তরে নিজ কক্ষে তিনি কিছুদিন ধরে বসছেন না। গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে দেখা গেল তদবির করতে আসা লোকজনের জটলা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কক্ষে দেখা যায়, কেউ কেউ শুধু মৌখিক আশ্বাস নয়, মন্ত্রীকে কিছু একটা লিখে দেওয়ার জন্যও পীড়াপীড়ি করছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তদবিরবাজদের আনাগোনায় মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। কিন্তু এমন সব লোকজন আসছেন, যাঁদের সঙ্গে কিছু না-কিছু কথা বলতেই হচ্ছে। মন্ত্রী বলেন, শর্তের বাইরে শিক্ষা মন্ত্রণালয় কিছুই করবে না। যাচাই-বাছাই করে চলতি সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হবে। টাকার বিনিময়ে কোনো দালালের পক্ষে এবার এমপিওভুক্ত করে দেওয়ার সুযোগ নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।২০০৪ সাল থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধ আছে। এ খাতে বর্তমান বাজেটে বরাদ্দ আছে ১১২ কোটি টাকা। কিন্তু বৈধ আবেদনের সংখ্যা প্রায় আট হাজার। শিক্ষামন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব নয়। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রাপ্যতা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে।