বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক প্রণোদনার দাবি

দেশের চলমান করোনাসংকটে নন এমপিও বা প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠাগুলো আছে বিপাকে। অর্থসংকটের কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছে না বেশির ভাগ প্রতিষ্ঠান। লাখো শিক্ষক-কর্মচারীর দিন কাটছে সংকটে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ভর করে শিক্ষার্থীদের বেতনের ওপর। করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন পাচ্ছে না কোনো প্রতিষ্ঠান। আবার বেশির ভাগ অভিভাবক অর্থসংকটের কারণে আপাতত সন্তানের বেতন পরিশোধ করতে পারছেন না।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে তাদের শিক্ষা কার্যক্রম চালায়। শিক্ষার্থীদের বেতন না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা না দিতে পারছে বাড়িভাড়া, না দিতে পারছে শিক্ষক-কর্মচারীদের বেতন। এর ফলে, এই দুর্দিনে দেশের ‘আলোকবর্তিকা’ খ্যাত শিক্ষকেরা পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করছেন।
দেশে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫ কোটির কাছাকাছি। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রায় ২৭ লাখ আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছেন ৩৫ লক্ষাধিক শিক্ষার্থী। এই বিপুল শিক্ষার্থীর মধ্যে একটি বড় অংশই শিক্ষা গ্রহণ করে বেসরকারি প্রতিষ্ঠানে। সরকারের সঠিক নিয়ম মেনে বা অনুমোদন নিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাদের রয়েছে আন্তরিক ভূমিকা। সর্বাধুনিক শিক্ষাদানপদ্ধতি, সুন্দর পরিবেশ, দায়বদ্ধতা, নিয়মানুবর্তিতা, সুপরিকল্পনা ও কমিটমেন্টের জায়গায় তারা অনড়। সে জন্য প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বেতন না পেয়ে চরম কষ্টে জীবন যাপন করছেন। দিতে পারছেন না বাড়িভাড়া, মেটাতে পারছেন না স্ত্রী-সন্তানসহ পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কোনো প্রণোদনা এখনো ঘোষণা করেননি, যা উদ্বেগ ও হতাশার। যদিও দেশের কওমি মাদ্রাসাগুলোকে ইতিমধ্যেই ৮ কোটি ৩১ লাখ টাকা সহায়তা করেছেন প্রধানমন্ত্রী।
ভেবে দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেনগুলো কী বিশাল ভূমিকা রাখছে! তারা অধিকতর যত্ন ও দায়িত্ব নিয়ে কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে থাকে। শহরকেন্দ্রিক শিশুদের শিক্ষাজীবন শুরু হয় কিন্ডারগার্টেনের মাধ্যমেই। গ্রাম ও থানা পর্যায়েও এখন কিন্ডারগার্টেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমানে দেশে প্রায় ৩০ হাজার কিন্ডারগার্টেন রয়েছে, যেখানে প্রায় ৭৫-৮০ লাখ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে। শিক্ষার্থীদের পড়ানোর জন্য জড়িত রয়েছেন প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী। এসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হলে সরকারকে কমপক্ষে ২৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করতে হতো; যেখানে অবকাঠামো ব্যয়সহ প্রতি মাসে শিক্ষকদের বেতন দিতে হতো। কিন্ডারগার্টেনগুলো সরকারকে এই বিশাল ব্যয় থেকে মুক্তি দিয়েছে। এই কিন্ডারগার্টেনগুলো বাড়ি ভাড়া নিয়ে, সামান্য বেতনে অল্পসংখ্যক শিক্ষক-কর্মচারীর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালায়। শিক্ষক-কর্মচারীদের এ দুর্দিনে অবশ্যই সরকারের এগিয়ে আসা উচিত।
দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩৯ হাজার। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান প্রায় ১ হাজার ২৬৫টি। আর এমপিওভুক্ত প্রায় ২৮ হাজার। নন এমপিও বা প্রাইভেট স্কুল-কলেজের সংখ্যা প্রায় ৯ হাজার ৭০০। নন এমপিও বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতে যদি গড়ে ২ হাজার করে শিক্ষার্থী পড়ে, তাহলে ১ কোটি ৯০ হাজার শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে নন এমপিও বা প্রাইভেট স্কুল-কলেজে। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব যদি সরকার নিত, তাহলে অনেক জনবল ও বিপুল অর্থ খরচ হতো। প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ২৫ জন করে নিলে ২ লাখ ৩৭ হাজার ৫০০ শিক্ষক-কর্মচারীর প্রয়োজন হতো। সমপরিমাণ স্কুল-কলেজ নির্মাণ করতে হতো এবং প্রতি মাসে ২ লাখ ৩৭ হাজার ৫০০ জন শিক্ষক-কর্মচারীর বেতন দিতে হতো। এখানেও সরকারকে মোটা অঙ্কের ব্যয় থেকে বাঁচিয়ে দিচ্ছে প্রাইভেট স্কুল-কলেজগুলো। তাই, এই চরম দুর্দিনে সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি প্রাইভেট স্কুল-কলেজকে আর্থিক প্রণোদনা দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন নিশ্চিত করা।
কিন্ডারগার্টেন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রায় ৪৯ হাজার ৭০০ প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সাড়ে ৮ লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এখন উৎকণ্ঠিত, শঙ্কিত। এই শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও বেশির ভাগ শিক্ষক তাঁদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাসায় বসে জুম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও ফোনকলের মাধ্যমে নিয়মিত ক্লাস নিচ্ছেন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকেরাই। কারণ, তাঁরা কমিটেড ও শিক্ষার্থীর কাছে দায়বদ্ধ।
সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। করোনার ক্রমবর্ধমান গতি দেখে তা-ই মনে হচ্ছে। তা ছাড়া আপাতদৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো প্রভাব ফেলে না। তাই, ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না, এটাই স্বাভাবিক। এতে নন এমপিও বা প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মহা সংকটে পড়বেন।
সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন, পাবেন। কিন্তু স্বঅর্থায়নে পরিচালিত নন এমপিও বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের কী হবে? ধরে নিলাম, ধার-দেনা করে খেয়ে, বাড়িভাড়া বকেয়া রেখে, কায়ক্লেশে না হয় সংসারটা চালালেন। কিন্তু প্রতিষ্ঠান খোলার পর কি তাঁদের সমস্যা লাঘব হবে? বকেয়া বেতন কি তাঁরা একসঙ্গে পাবেন? সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যদি তা-ই হয়, তাহলে তাঁদের পক্ষে বাড়িভাড়া ও পূর্বঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শূন্য, রিক্ত, বিমর্ষ শিক্ষকরাও উদ্যম নিয়ে ফিরবেন ক্লাসে। কয়েক মাসের বেতন একসঙ্গে পাওয়ার আশায় বুক বাঁধবেন। কিন্তু তাঁদের সে আশা কি পূরণ হবে? তখন কয়জন অভিভাবক এক সঙ্গে ছয় মাসের বেতন দিতে পারবেন? সরকারি চাকরিজীবী ও উচ্চবিত্ত মানুষ হয়তো সন্তানের বেতনটা পরিশোধ করতে পারবেন। যাঁরা প্রবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী, দরিদ্র, হকার, শ্রমিক, ড্রাইভার—তারা? এত দিন রোজগারহীন থেকে একসঙ্গে ৪-৫ মাসের বেতন দেওয়ার সামর্থ্য তাঁদের থাকবে না। ছেলেমেয়ের স্কুল-কলেজের বেতন দেওয়ার চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ঋণ তাঁদের মেটাতে হবে তখন।
তা ছাড়া, দীর্ঘ সময় ধরে করোনাভাইরাসের নির্মম থাবার পর বিশ্বের মতো বাংলাদেশের চিত্রও বদলাবে। মানুষের চিন্তা-চেতনা ও মনস্তাত্ত্বিকতা থাকবে উদভ্রান্ত। চারদিকে হা-হুতাশ, দীর্ঘশ্বাস। ঋণে জর্জরিত থাকবে অনেক মানুষ। দেশে থাকবে অর্থনৈতিক সংকট। এ অবস্থায় কয়জন অভিভাবক একসঙ্গে ৪-৫ মাসের বেতন দিয়ে দিতে পারবেন?
লেখক: কবি ও শিক্ষক, [email protected]