বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে কোনো প্রতিষ্ঠান করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
মন্ত্রিপরিষদ বিভাগে তিন দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলনের প্রথম দিনে আজ মঙ্গলবার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ওই আলোচনায় জেলা প্রশাসকেরা বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অস্বচ্ছতা, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি হয় বলে অভিযোগ করেছেন। এ জন্য তাঁরা নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সুপারিশ করেছেন।
জেলা প্রশাসকদের অভিযোগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে তিনি বলেন, বর্তমানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ না হলে কাউকে নিয়োগ দেওয়া হয় না।
বৈঠকে জেলা প্রশাসকেরা প্রতিটি উপজেলায় বই রাখার জন্য একটি কক্ষ গড়ে তোলার প্রস্তাব করেছেন। মন্ত্রী বলেছেন, এর সঙ্গে আর্থিক বিষয় জড়িত। বিষয়টি তাঁরা ভেবে দেখবেন।
মন্ত্রী বলেছেন, জেলা প্রশাসকেরা মাঠপর্যায়ে শিক্ষক স্বল্পতার অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। এরই অংশ হিসেবে আজকেই ৫০টি সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট দূর করা হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জুলাই সম্মেলন শেষ হবে।