বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদে সাংসদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সাংসদদের থাকা না-থাকা নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বহাল রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি শেষে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ওই আবেদনের নিষ্পত্তি করেন।
এ বিষয়ে পরে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে আপিল বিভাগ ‘নো অর্ডার’ দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়ই বহাল থাকবে। এর ফলে সাংসদেরা আর বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি থাকতে পারছেন না।
হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। আপিল বিভাগে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ইউনুছ আলী আকন্দ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করা হয়। আদালত কোনো আদেশ দেননি। তিনি বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ রায়ের কপি পেলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাঁরা পদক্ষেপ নেবেন। আদালত কী নির্দেশনা দিয়েছেন, তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের নিষ্পত্তি করে ১ জুন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ২০০৯ সালে প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৫(২) ও ৫০ বিধি অবৈধ ঘোষণা করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে সর্বশেষ ভিকারুননিসা নূন স্কুলের গভর্নিং বডির নির্বাচন হয়। ২০০৯ সালে প্রবিধানমালা তৈরি হলে ৫৩ বিধি অনুসারে সব কমিটি বাতিল করে অ্যাডহক ও বিশেষ কমিটি গঠন করা হয়। ওই সময় থেকে স্কুলটিতে চারবার অ্যাডহক কমিটি ও দুবার বিশেষ কমিটি গঠন করা হয়। সর্বশেষ বিশেষ কমিটি গঠন করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। চলতি বছরের ১৬ জানুয়ারি ওই বিশেষ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই বিশেষ কমিটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ১৯ জানুয়ারি রুল দেন আদালত।
ওই রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রবিধানমালার ৫ ও ৫০ বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ইউনুছ আলী আকন্দ। ১৩ এপ্রিল আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দিয়ে জানতে চান, ৫ ও ৫০ বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বিশেষ কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টের রায়ের পর ইউনুছ আলী প্রথম আলোকে বলেছিলেন, আদালত ৫০ বিধি অবৈধ ঘোষণা করায় শুধু ভিকারুননিসা নূনই নয়, দেশের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেই আর বিশেষ কমিটি থাকতে পারবে না। এ রায়ের ফলে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও নিয়োগ-বাণিজ্য বন্ধ হবে। বিশেষ ধরনের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার ৫০ বিধিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বোর্ড এবং সরকারের পূর্বানুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরনের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি গঠন করা যাবে।