বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা এমপিওভুক্তির দাবি সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন সাংসদেরা। আজ বৃহস্পতিবার সংসদে এ জন্য ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তাঁরা।

সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে বক্তব্য দেন সরকারদলীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, শিক্ষার প্রতি সর্বাধিক দৃষ্টি দিতে হবে। অথচ এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। তিনি এমপিওভুক্তির জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তখন সংসদে অর্থমন্ত্রী না থাকায় শেখ সেলিম অর্থমন্ত্রীর সমালোচনা করেন।

শেখ সেলিম বলেন, ‘অর্থমন্ত্রী কেন থাকবেন না? তাঁকে সাংসদদের কথা শুনতে হবে। এমপিওভুক্তির জন্য এক হাজার কোটি টাকা দরকার হবে। অথচ অর্থমন্ত্রী টাকা ছাড় দিচ্ছেন না। এটা হতে পারে না।’ এ সময় শেখ সেলিমের বক্তব্য সমর্থন করে টেবিল চাপড়ে অন্যরা সমর্থন জানান।

শেখ সেলিমের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অন্য সাংসদদের মতো আমিও চাই এমপিওভুক্তি হোক। এ জন্য টাকার প্রয়োজন। অর্থমন্ত্রী আজ টাকা ছাড় দিলে কালই এমপিওভুক্ত করা হবে।’

এদিকে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাসদের সাংসদ মঈনুদ্দিন খান বাদল গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি ও অবসরকালীন সুবিধা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, নির্বাচন আসছে। গ্রাম পুলিশরা গ্রামে গ্রামে ঘোরেন। তাঁদের জন্য কেন সরকার এটা করছে না? এ জন্য মাত্র ৫৫ কোটি টাকা প্রয়োজন বলে তিনি সংসদে দাবি করেন।