স্বাস্থ্য খাতে সরকারি পর্যায়ে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে তথ্য সম্প্রতি প্রকাশ করেছে, তা ঠিক। তবে বেসরকারি পর্যায়ে এই দুর্নীতি আরও বেশি। টিআইবির উচিত বেসরকারি পর্যায়ের দুর্নীতির তথ্য প্রকাশ করা।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাস্থ্য খাতে দুর্নীতি: টিআইবির তথ্য কি ঠিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী চিকিৎসক নেতারা এ কথা বলেছেন। পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন এই বৈঠকের আয়োজন করে।আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি সোহরাব হোসেন বলেন, ব্যক্তি খাতে চিকিৎসাসেবাকে পণ্য হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি করে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজের অনুমতি নেওয়া হয়েছে, সেসব মেডিকেল কলেজে অনিয়ম করে বেশি অর্থ নিয়ে অযোগ্যদের ভর্তি করা হচ্ছে। তিনি বলেন, মেডিকেল যন্ত্রপাতি কেনা, নিয়োগ, বদলি, পদোন্নতিতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। কিন্তু টিআইবির প্রতিবেদনে তার কোনো তথ্য বা পরিসংখ্যান নেই। বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান বলেন, টিআইবি বলছে, বেসরকারি পর্যায়ে মানুষ বেশি স্বাস্থ্যসেবা নেয়। কিন্তু বেসরকারি পর্যায়ের দুর্নীতির তথ্য টিআইবি প্রকাশ করতে পারেনি। সেই তথ্যও প্রকাশ করা দরকার।টিআইবির পরিচালক (গবেষণা ও নীতি) মোহাম্মদ রফিকুল হাসান এক প্রশ্নের উত্তরে বলেন, কারিগরি জটিলতার কারণে বেসরকারি পর্যায়ের স্বাস্থ্যসেবায় দুর্নীতি বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে প্রকাশ করা সম্ভব হবে। বৈঠকে বক্তব্য দেন বিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য তারেক মেহেদী পারভেজ, বিএমএর সাবেক মহাসচিব কাজী শহীদুল আলম, ওয়াটারএইড-বাংলাদেশের এদেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমুখ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বৈঠক সঞ্চালনা করেন।