বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসকদের কিনে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের চিকিৎসকদের কিনে নিচ্ছে। সরকারের কাছে অর্থ থাকলেও দক্ষ লোকবলের অভাবে হূদেরাগের চিকিৎসাসেবা তৃণমূলে পৌঁছানো যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এনএইচএফ) আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক বলেন, সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারি বাড়ানোর দরকার। তিনি বলেন, সরকার হূদেরাগের চিকিৎসাসেবা তৃণমূলে পৌঁছে দিতে চায়। কিন্তু চিকিৎসক-সংকটের কারণে কিছুতেই ঢাকার বাইরে এই সেবা বিস্তৃত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলো আমার চিকিৎসকদের কিনে নিচ্ছে। এতে করে দক্ষ চিকিৎসকের অভাব দেখা দিচ্ছে। চিকিৎসকেরাও খুবই যুক্তিসংগত কারণে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন।’স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির হূদেরাগের ঝুঁকি এড়াতে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে উচ্চ রক্তচাপ ২০-২৫ শতাংশ মানুষের, করোনারি বা ইস্কিমিক হূদেরাগ ১০ শতাংশের, প্রতি এক হাজারে ১ দশমিক ২ জনের বাতজ্বরজনিত হূদেরাগ এবং প্রতি এক হাজারে আটজন নবজাতকের জন্মগত হূদেরাগ রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে জীবনযাপন-পদ্ধতির পরিবর্তন ও অনেক ক্ষেত্রে কায়িক পরিশ্রমে অনীহার কারণে মানুষ হূদেরাগে বেশি আক্রান্ত হচ্ছে। ধূমপানের কারণেও হূদেরাগ দেখা দিচ্ছে। কাজেই জীবনযাপন-পদ্ধতির পরিবর্তন ঘটানো বাঞ্ছনীয়।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব জাতীয় অধ্যাপক আবদুল মালিক বলেন, বর্তমানে ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালে ৩০০ শয্যার ব্যবস্থা আছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ৩৩টি অঙ্গসংগঠন আছে। হূদেরাগে আক্রান্ত মানুষের সংখ্যার তুলনায় এই আয়োজন যথেষ্ট নয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি বিচারপতি চৌধুরী এ টি এম মাসুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সহসভাপতি আর কে খন্দকার।সম্মেলন শেষ: হূদেরাগ নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। হার্ট ফাউন্ডেশনের প্রধান হূদেরাগ বিশেষজ্ঞ ফজিলা-তুন-নেসা মালিক প্রথম আলোকে জানান, এ বছর যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, সিঙ্গাপুর, চীন ও পোল্যান্ড থেকে আসা ১৪ জন হূদেরাগ বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নেন।দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে সিঙ্গাপুর থেকে হূদেরাগের জটিল একটি অস্ত্রোপচার সরাসরি দেখার সুযোগ পান বাংলাদেশি চিকিৎসকেরা। এর আগে বাংলাদেশি চিকিৎসকদের একটি অস্ত্রোপচার সরাসরি মুম্বাইয়ের চিকিৎসকেরা প্রত্যক্ষ করেন। দুই দেশের চিকিৎসকেরা এ বিষয়ে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করেন।