বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোর মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ বেশি, তাই লোকজন সরকারি হাসপাতালে ভিড় জমায়।
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এবার বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ হার্ট, প্রাণবন্ত জীবন’।
মূল প্রবন্ধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, ব্যক্তিজীবনে হৃদ্যন্ত্রের যত্নের ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। তিনি তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মালিকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন (পিডিইউ) আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটা কঠিন কাজ। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে জায়গা কম, সুযোগ-সুবিধা সীমিত। আর বেসরকারি হাসপাতালে এমনভাবে চার্জ করা হয় যে গরিব মানুষ সেবা নিতে পারে না। ডাক্তাররা অনেক সময় মানবিক হন না।’ তিনি বেসরকারি হাসপাতাল-গুলোকে গরিব মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা দিতে এবং চিকিৎসকদের মানবিক হতে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, আইসিইউ ও ওষুধের দাম কমালে স্বল্পমূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে। সেমিনারে মূল প্রবন্ধে পড়েন পিডিইউর সহসভাপতি অধ্যাপক লায়লা আনজুমান বানু।