বেসরকারি হাসপাতালে ধর্মঘটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো র্যাবের অভিযানের প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেছে। ৪৮ ঘণ্টার এ কর্মসূচির ফলে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ ধর্মঘট কর্মসূচি পালন করছে। এতে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা।
ধর্মঘটে যুক্ত সংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার অভিযান চালায় র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফিরোজ আহমেদ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই রোগীকে আইসিইউতে রাখা, অবৈধ ব্লাড ব্যাংক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রক্ত-ওষুধ রাখাসহ কয়েকটি অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেন। এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক গাজী মিজানুর রহমান বিপিসিডিওএর খুলনা শাখার সভাপতি। এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার জেলার আরও কয়েকটি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ সভায় বসে বিপিএমপিএ, বিপিসিডিওএ ও বিএমএ। সভায় খুলনার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ‘হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের’ প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সে মোতাবেক গতকাল সকাল আটটা থেকে জেলার সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন শুরু হয়।
গতকাল নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। অনেক প্রতিষ্ঠানে বাইরে থেকে তালা ঝোলানো ছিল।
নগরের একটি ক্লিনিকে চোখের চিকিৎসা নিতে এসেছিলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা অনন্যা ঘোষ। তিনি বলেন, ‘আজ ধর্মঘট, তা জানতাম না। ডাক্তার নেই তাই চলে যেতে হচ্ছে।’ আরেক রোগীর স্বজন ইশরাত জাহান বলেন, ইদানীং সামান্য কারণেই চিকিৎসকেরা ধর্মঘটে যাচ্ছেন। রোগীরা তো কোনো অপরাধ করেননি। তাহলে তাঁদের কেন এ ভোগান্তি?’
বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি শেখ বাহারুল আলম প্রথম আলোকে বলেন, ‘র্যাবের অভিযান চলুক, তা আমরা চাই। তবে তা নিয়ম মেনে হতে হবে। জরিমানার ধরন দেখে মনে হয়েছে, এটি অর্থ আদায়ের একটি অপকৌশল।’ তিনি বলেন, খুলনায় বেসরকারি স্বাস্থ্যসেবা দেখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, সিভিল সার্জনসহ অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি দল গঠন করা আছে। কিন্তু গাজী মেডিকেলে অভিযানের ব্যাপারে তাঁরা কেউ জানেন না। সিভিল সার্জনের অনুমতি না নিয়ে সদর হাসপাতালের একজন চিকিৎসককে জোর করে ডেকে নিয়ে অভিযান চালানো হয়। গাজী মেডিকেলে রাখা সব রক্ত জব্দ করা হয়। ফলে সেদিন যেসব রোগীর রক্ত পাওয়ার কথা ছিল, তারা তা পায়নি। এটা চরম অন্যায়।
শেখ বাহারুল আলম বলেন, আজ শনিবার দুপুরে তাঁরা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে র্যাবের অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য ও তাঁদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।