চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনেরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তিন দফায় হাসপাতালে হামলা হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত রাত সাড়ে নয়টায় ঘটনাস্থলে অবস্থান করে প্রথম আলোকে জানান, পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩০ আগস্ট হূদেরাগে আক্রান্ত হয়ে ভর্তি হন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকরপাড়ার মো. আবদুর রকিব ধন মিয়া (৬৫)। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আবদুর রকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। রোগীর স্বজনদের অভিযোগ, বিকেলে একটি ইনজেকশন দেওয়ার পরই আবদুর রকিবের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সিসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক শৈবাল বসাক সাংবাদিকদের
জানান, আবদুর রকিবের হূদ্যন্ত্রের অবস্থা ভালো ছিল না। চিকিৎসকের কোনো অবহেলায় তাঁর মৃত্যু হয়নি।
এদিকে রকিবের লাশ নিয়ে যাওয়ার সময় রাত সোয়া আটটার দিকে রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে হামলা চালান। ভাঙচুর করা হয় হাসপাতালের কাচের দরজা, জানালা।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দক্ষিণ সুরমা থানার পুলিশ।