বেসরকারি হাসপাতালে 'অযথা হয়রানি' হলে কঠোর কর্মসূচি

চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি ও অযথা হয়রানি না করার অনুরোধ করেছে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। এই অনুরোধ না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিবৃতিতে সই করেছেন বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক সাংসদ আনোয়ার হোসেন খান।
আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা দেশের প্রচলিত আইনের আওতায় আনা দরকার। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের পরই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অযাচিত কোনো পদক্ষেপ নিলে অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি নেবে।
বিপিএমসিএ আরও বলেছে, সরকারি ও বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো দেশের হাজার হাজার কোভিড-১৯ রোগীদের সেবা দেওয়ায় মানুষ নতুন জীবন ফিরে পেয়েছে। বর্তমানে দেশের সব হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে। এখন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই সবার কাম্য, হয়রানি নয়।
বিপিএমসিএ সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাতকে ও সব কোভিড হাসপাতালকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।