বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজে যেতে হলে ন্যূনতম ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে। এ ছাড়া কোরবানির জন্য প্রত্যেককে ১০ হাজার ৭৫০ টাকা সঙ্গে নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভা এই প্যাকেজ অনুমোদন করে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১ সেপ্টেম্বর হজ হওয়ার কথা।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেউ চাইলে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ এর চেয়ে বেশি টাকার প্যাকেজ ঘোষণা করতে পারেন। কিন্তু এর চেয়ে কম প্যাকেজ ঘোষণা করা যাবে না।
হাব জানিয়েছে, এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাক্-নিবন্ধন শুরু হবে। ৩০ মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। এবারও ব্যাংকে টাকা দিতে হবে। সৌদি সরকারের বাধ্যবাধকতা থাকায় হজে গিয়ে কেউ মারা গেলে তাঁর মৃতদেহ মক্কা বা মদিনায় সমাহিত করা হবে। নারীদের ক্ষেত্রে শরিয়তসম্মত বৈধ মাহরাম ব্যতীত কোনো নারী এককভাবে হজে যেতে পারবেন না।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।