বেসামরিক কর্মকর্তাদেরও প্রতিরক্ষা ও নিরাপত্তার জ্ঞান রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক প্রশাসনের সদস্যদেরও প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সম্যক জ্ঞান রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তার পরিধি ও পরিসর বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি ) ১৫তম যৌথ সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রচলিত ধারণার সঙ্গে ব্যক্তি, অর্থনৈতিক, জাতীয় সমৃদ্ধি ও পরিবেশগত নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অন্তর্ভুক্ত হয়েছে। এসব কারণে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত বেসামরিক প্রশাসনের সদস্যদেরও প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য।
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, তিন বাহিনীর প্রধানেরা, সংশ্লিষ্ট সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বাংলাদেশের দুটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি উন্নত মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে সুপরিচিতি লাভ করেছে। আগামী বছরগুলোতে এ দুই প্রতিষ্ঠান যাতে যুগোপযোগী এবং আরও কার্যকরভাবে আন্তর্জাতিক অঙ্গনে অধিকতর সুপরিচিতি লাভ করতে পারে, সেদিকে বোর্ডের সব সদস্যকে সচেষ্ট হতে হবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের পেছনে এই প্রতিষ্ঠান দুটির অবদান অপরিসীম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি আশাবাদী, দেশে ও বিদেশে প্রতিষ্ঠান দুটির সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং উন্নততর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে।’
প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে সব কমান্ড্যান্ট, প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।