বেসামরিক কাজে সশস্ত্র বাহিনীর সুস্পষ্ট নীতিমালা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ কাজে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেসামরিক পদে কাজ করতে সশস্ত্র বাহিনী বিভাগের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর মোট সদস্যসংখ্যা ২ লাখ ৪ হাজার ৫৯৬।

আজ বুধবার জাতীয় সংসদে আলাদা দুটি প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বেসামরিক পদে ও কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রেষণে পদায়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই।

ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সশস্ত্র বাহিনীর মোট সদস্যসংখ্যা ২ লাখ ৪ হাজার ৫৯৬। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন সশস্ত্র বাহিনীর, ২৫ হাজার ৮১ জন নৌবাহিনীর এবং ১৭ হাজার ৩৯০ জন বিমানবাহিনীর। এই তিন বাহিনীতে প্রায় ২১ হাজার বেসামরিক ব্যক্তি কাজ করছেন। সেনাবাহিনীতে ১৩ হাজার ৪০৮, নৌবাহিনীতে ৩ হাজার ৮০০ এবং বিমানবাহিনীতে ৩ হাজার ৬৮৬ জন বেসামরিক ব্যক্তি কাজ করছেন।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুতুবদিয়ার পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, সমুদ্রে টহলের জন্য বিমান এবং সাবমেরিনসহ বিভিন্ন ঘাঁটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জনবল বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন, নৌবাহিনীর জন্য দুটি মাল্টিরোল মেরিটাইম হেলিকপ্টার কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুলনা শিপইয়ার্ডে দুটি বড় আকারের টহল জাহাজ তৈরির কাজ হচ্ছে। দুটি নতুন করভেট তৈরির জন্য ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সাবমেরিন ঘাঁটি নির্মাণের জন্য ৩৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সাবমেরিন ঘাঁটি নির্মাণের জন্য চীনের সঙ্গে নৌবাহিনীর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আনিসুল হক আরও বলেন, মাইন ওয়ারফেয়ারের সক্ষমতা বৃদ্ধির জন্য চারটি মাইন সুইপার ও প্রশিক্ষণের জন্য একটি জাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌবাহিনীর জন্য সমরাস্ত্র তৈরিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশে মিসাইল ও আইএফএফ (শত্রু-মিত্র চিহ্নিতকরণের যন্ত্র) তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।