বেসিক ব্যাংক জালিয়াতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির মামলার এজাহারভুক্ত আসামি রূপসা সার্ভেয়ার্সের প্রধান সার্ভেয়ার ও ব্যবসায়িক অংশীদার শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া পৃথক অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন জীবন বীমা করপোরেশনের সাবেক ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নূরুল ইসলাম ভূঞা ও ঠিকাদার মো. গোলাম ফারুক।

দুদক সূত্র জানায়, সংস্থার পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বেশাহজাহান আলীকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২১ সেপ্টেম্বর পল্টন থানায় দুদকের করা মামলায় এজাহারভুক্ত আসামি শাহজাহান আলী।

ওই মামলার এজাহারে বলা হয়েছে, সৈয়দ ট্রেডার্সের ১৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পত্তিকে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ দেখিয়ে মিথ্যা জরিপ প্রতিবেদন দিয়েছেন শাহজাহান আলী। এর মাধ্যমে বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে সৈয়দ ট্রেডার্স ৪০ কোটি টাকা ঋণ নেয়, যা বর্তমানে সুদাসলে ৫৭ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। শাহজাহান আলী সৈয়দ ট্রেডার্সকে ওই অর্থ আত্মসাতে সহায়তা করেছেন।

জীবন বীমা করপোরেশনের সাবেক কর্মকর্তা নূরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর অধীন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া বেতন-ভাতা ও বোনাস বাবদ ৫ লাখ ৯০ হাজার ৮৯৭ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।

ঠিকাদার মো. গোলাম ফারুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের বিক্রি করে দেওয়া একটি জমি বন্ধক রেখে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। যা পরে সুদাসলে প্রায় ৪ কোটি টাকা হয়েছে।