বেসিক ব্যাংক জালিয়াতি: চারজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন ব্যবসায়ী ও এক ব্যাংক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিমান্ড আবেদনের শুনানি শেষে আদেশ দেন।

আদালতের আদেশে মেসার্স এমারেল্ড ড্রেসেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণিকে চার মামলায় ১৬ দিন, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেনকে ৩দিন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরীকে চার দিন এবং বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার বিশেষ একটি দল গত ২৭ মার্চ দিবাগত রাত থেকে ২৮ মার্চ সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে দুদক। মহানগর হাকিম মারুফ হোসেন ৩১ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, এমারেল্ড ড্রেস লিমিটেড, এমারেল্ড অয়েল, এমারেল্ড অটো ব্রিকস, এমারেল্ড কোল্ড স্টোরেজ ও ভয়েস এন্টারপ্রাইজের সৈয়দ হাসিবুল গণির বিরুদ্ধে মামলা রয়েছে পাঁচটি। এসব মামলায় তাঁর বিরুদ্ধে ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এশিয়ানের আকবর হোসেনের বিরুদ্ধে করা মামলায় ২৫ কোটি টাকা এবং ফারশি ইন্টারন্যাশনালের ফয়েজুন নবীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বেসিক ব্যাংকের কর্মকর্তা ইকরামুল বারীর বিরুদ্ধে দুই মামলায় ৪৮ কোটি টাকা আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়েই গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। ৫৬ মামলায় মোট আসামি ১২০ জন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২১ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। মামলাগুলোতে মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।