বেসিক ব্যাংক জালিয়াতি মামলার দুই আসামিকে দুদকে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় করা মামলার দুই আসামিকে আগাম জামিন না দিয়ে তাঁদের দুর্নীতি দমন কমিশনের (দুদকের) কাছে সোপর্দ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট খারিজ হওয়ার তথ্য গোপন করে ফের রিট আবেদন করায় মো. আবদুল আলীম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমনা করেছে উচ্চ আদালত।

আজ বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আদেশ দেন। দুদকে সোপর্দ করা দুই আসামি হলেন গুলশানের তাহমিনা টাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মনিরুল।

বেসিক ব্যাংক অর্থ কেলেঙ্কারির ঘটনায় করা এক মামলার ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মনিরুল আজ হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান। হাইকোর্টের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেন। গত বছরের ২২ সেপ্টেম্বর ওই দুজনসহ আটজনের বিরুদ্ধে গুলশান থানায় ওই মামলাটি করে দুদক। এতে আসামিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এই আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট দুজনের জামিন না মঞ্জুর করে দুদকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেছেন। সিটি ব্যাংকের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা অপর একটি মামলায় ব্যাংকটির তৎকালীন সহকারী ভাইস প্রেসিডেন্ট মোসাব্বির হোসেনকে আগাম জামিন না দিয়ে তাঁকেও দুদকে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে নথিপত্রে দেখা যায়, কমলাপুর আইসিটি কন্টেইনার ডিপো সুপার মো. আবদুল আলীম ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে তাঁদের ব্যাংক হিসাব ও আয়কর নথি এবং সম্পদ হিসাব বিবরণী দাখিল করতে ৩ আগস্ট নোটিশ দেয়, যাতে তাঁদের ১০ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়। এর আগে ২০০৯ সালের ১২ এপ্রিল দুদক নোটিশ দিয়ে চলমান অনুসন্ধানে সহায়তা করতে ১৪ এপ্রিল দুদকে হাজির হতে বলে।

তবে আইনজীবী সূত্রে জানা যায়, তাঁরা হাজির না হয়ে ওই দুই নোটিশ চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিট আবেদন করে। তিনটির মধ্যে দুটি রিট হাইকোর্টের অপর একটি বেঞ্চে উত্থাপিত হয়নি বলে খারিজ হয়। অপর রিটটি হাইকোর্টের এই বেঞ্চ গত সপ্তাহে সরাসরি খারিজ করে দেন।

আদালতে রিট আবেদনকারীপক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। পরে শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শুনানির জন্য উপস্থাপন করা রিটে আগের সব তথ্য গোপন করা হয়েছে। এটি আদালতের নজরে এলে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে আবেদনকারী মো. আবদুল আলীমকে এক লাখ টাকা জরিমানা করেছেন। সাত দিনের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এর আগে আজ বিকেলে দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় ভাসাভি ফ্যাশন ও তাহমিনা ডেনিম লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান এবং ওই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামাল জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে দুদক। আজ দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকার শিক্ষা ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।