বেসিক ব্যাংক নিয়ে দুদকের তদন্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিসংক্রান্ত অনুসন্ধান ‘সাময়িকভাবে’ বন্ধ রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রীর ‘অনুশাসন’ কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘কিছু’ পেলে এই তদন্ত পুনরায় চালু করা হবে।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিজ কক্ষে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে বেসিক ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্পর্কে গত শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘বেসিক ব্যাংকের বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির বিষয়ে দুদক তদন্ত করছে। তদন্তে আর্থিক অনিয়মের বিষয় প্রমাণ হলে শেখ আবদুল হাই বাচ্চুসহ পর্ষদের অন্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেসিক ব্যাংক বিষয়ে অনুসন্ধানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের মাঝে একটি নিয়ন্ত্রণমূলক সমঝোতা স্মারকে সই করা হয়। ওই সমঝোতা চুক্তি হওয়ার পরে দুদকের পক্ষ থেকে বেসিক ব্যাংকের অনুসন্ধান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারণ, ওই চুক্তিতে কিছু শর্ত ছিল। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই চুক্তির একটি অনুলিপি দুদকে পাঠানোর পরেই অনুসন্ধানে ‘বিরতি’ দেওয়া হয়। অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর দুদক ফের অনুসন্ধান শুরু করবে কি না, জানতে চাইলে বদিউজ্জামান বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় বা মাননীয় অর্থমন্ত্রীর কোনো ‘অনুশাসন’ পেলে, কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘কিছু’ হাতে পেলে তখন অনুসন্ধান পুনরায় চালু করা যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তির আগে অনুসন্ধানের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছিল, জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, সে সময় অনিয়মের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে তাঁদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেসব নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দুদকে জমা পড়েছে কি না, তা জানা নেই চেয়ারম্যানের।