বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলা নিয়ে হাইকোর্টের রুল
বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা-সংক্রান্ত একটি রিট আবেদনে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার এই রুল দেন।
দুদকের চেয়ারম্যান, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নোয়াখালীর হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার জনস্বার্থে এই রিট আবেদন করেন। গতকাল মঙ্গলবার রিট আবেদনকারীর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।
আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ, পদোন্নতিতে দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় এবং বেসিক ব্যাংকের নানা প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে। তবে বেসিক ব্যাংকের পর্ষদ ও এর তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি দুদক। তাঁকে এবং পরিচালনা পর্ষদকে বাদ দিয়েই গত সেপ্টেম্বর মাসে ৫৬টি মামলা করে দুদক।