বেসিক ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বা জনস্বার্থে রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে নোটিশ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-২ থেকে গতকাল বুধবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৬ ধারা উল্লেখ করে এই নোটিশটি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বেসিক ব্যাংকে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
আইনের ৪৬ ধারায় ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহীকে অপসারণের ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংককে। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছেও।
বেসিক ব্যাংকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা বাংলাদেশ ব্যাংক আবিষ্কার করে। এগুলো অর্থ মন্ত্রণালয়ে লিখিতভাবে ও অর্থমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকে তুলে ধরা হয়। এর অনেকগুলো ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এমডির সংশ্লিষ্টতা পায়। এর আগে কেন্দ্রীয় ব্যাংক নানা অনিয়মের কারণে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করিয়ে নেয়। যে সমঝোতাতে ঋণ বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সীমা আরোপ করা হয়। যদিও এই সমঝোতা স্মারকের শর্তও মানছে না ব্যাংকটি।
নোটিশের বিষয়ে কথা বলতে কাজী ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ব্যাংকিং সচিব এম আসলাম আলম জানান, তিনি কাল এমন কোনো নোটিশ পাননি।
এমডির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুলশান শাখার মা টেক্সের ঋণ অনিয়ম। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি কাগুজে প্রতিষ্ঠান। একইভাবে গুলশান শাখাতে আরও কাগুজে প্রতিষ্ঠান রয়েছে এসপিএন ও ইএফএস এন্টারপ্রাইজ। এই তিন প্রতিষ্ঠানেরই প্রকৃত সুবিধাভোগী হচ্ছেন জনৈক শামীম চিসিত। এই প্রতিষ্ঠান তিনটির ১৭২ কোটি টাকা ঋণ দিতে ব্যাংকের গুলশান শাখা কোনো সুপারিশ করেনি। শুধু প্রস্তাবটি পাঠিয়ে দেওয়ার পরের দিনই ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে।
আবার ব্যাংকটিতে নিয়মনীতির উপেক্ষা করে অভিজ্ঞতা ছাড়াই মাত্র ১৮ মাসের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হয়েছে একজন সাবেক সেনা কর্মকর্তাকে। গতকাল এমডিকে দেওয়া নোটিশে এই পদোন্নতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এর আগে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে পর্ষদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তাতে বলা হয়েছিল, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটি বিরোধিতা করলেও পর্ষদ ঋণ অনুমোদন করে। বলা হয়েছে, ‘৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিলক্ষিত হয় না।’
পর্ষদের ১১টি সভায় ঋণ অনুমোদন করা হয়েছে তিন হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা। যার অধিকাংশ ঋণই গুরুতর অনিয়ম করে দেওয়া হয়েছে। এই ঋণ পরিশোধ বা আদায় হওয়ার সম্ভাবনা কম বলে মত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।