বেসিক ব্যাংকের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখার অংশ হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোন্দকার মো. ইকবালকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকটির বিভিন্ন শাখায় ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনে বর্তমান এমডিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া ব্যাংকটির সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে এদিন তলব করা হলেও তিনি হাজির হননি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বেসিক ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত হলে সরকার ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠনে বাধ্য হয়। এতে এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে খোন্দকার মো. ইকবালকে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই ব্যাংকটির পুনর্গঠন কার্যক্রম শুরু হয়।
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে অনুসন্ধান প্রায় শেষের দিকে। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটির দুর্নীতির যেসব তথ্য দুদক পেয়েছে সেগুলো খতিয়ে দেখছেন অনুসন্ধান কর্মকর্তারা। এ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তথ্য পর্যালোচনা এবং বিস্তারিত পর্যালোচনার জন্য বর্তমান এমডির সঙ্গে কথা বলছেন তাঁরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ছয় হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।
দুদকের সূত্রটি জানায়, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।