বেসিক ব্যাংকের জালিয়াতি তদন্তে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৬টি মামলা তদন্ত করবেন সংস্থাটির ছয় কর্মকর্তা। শিগগির তদন্ত শুরু হবে।
দুদকের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিন উপপরিচালক, একজন সহকারী পরিচালক ও দুজন উপসহকারী পরিচালককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। তাঁরা হলেন উপপরিচালক মোরশেদ আলম, মো. ইব্রাহিম ও ঋত্বিক সাহা; সহকারী পরিচালক শামসুল আলম এবং উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও মুহাম্মদ জয়নাল আবেদীন। তদন্ত তদারককারী কর্মকর্তা হিসেবে রয়েছেন পরিচালক নুর আহমেদ ও উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
বেসিক ব্যাংকের অর্থ লোপাটের ঘটনা দীর্ঘ অনুসন্ধান শেষে গত ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। সাড়ে চার হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ থাকলেও ৫৬টি মামলায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, ঋণদান কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটির প্রধান ও ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করা হয়েছে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগে। আসামি করা হয়েছে ১২০ জনকে। এর মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ঋণগ্রহীতা ৫৪টি প্রতিষ্ঠানের ৮২ জন ও বেসরকারি সার্ভেয়ার ১১ জন।
ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে ৪৮টি মামলায়। বর্তমান ডিএমডি ফজলুস সোবহান ৪৭টি, কনক কুমার পুরকায়স্থ ২৩টি, মো. সেলিম ৮টি, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ৩৫টি মামলায় আসামি হয়েছেন। অথচ এ কেলেঙ্কারির ঘটনায় জড়িত হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অধিকাংশ প্রতিবেদনে আবদুল হাইয়ের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। অর্থমন্ত্রী বেসিক ব্যাংকে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই জড়িত বলে উল্লেখ করেছিলেন। জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সংসদীয় কমিটিতেও এ জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির সদস্যরা। কিন্তু তাঁকে কোনো মামলাতেই আসামি করা হয়নি।
দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন বলেন, অনুসন্ধানের সময় আসামি হওয়ার মতো কেউ যদি বাদ পড়ে যান, তদন্তকালে তাঁকেও আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। এ সময় বিস্তারিত বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা তাঁদের আইনি ক্ষমতা প্রয়োগ করবেন এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।