বেসিক ব্যাংকের জিএমের ২ দিনের রিমান্ড মঞ্জুর
বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. আমিরুল হায়দার চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থেকে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের পর সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন। বিকেলে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চান উপপরিচালক মোরশেদ আলম। ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক ১১ এপ্রিল সোমবার শুনানির দিন ধার্য করে জয়নাল আবেদীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় করা পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন চৌধুরী। বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনার সময় তিনি ব্যাংকটির প্রধান শাখার শাখাপ্রধান ছিলেন।