বেসিক ব্যাংকের তিন কর্মকর্তা দ্বিতীয় দিনের মতো রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির অপসারিত দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) রিমান্ডে নিয়ে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার তাঁদের রমনা থানা হেফাজত থেকে এনে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের দুই উপপরিচালক ঋতিক সাহা, মো. ইব্রাহীমসহ মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে গতকাল রোববার তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে তাঁদের রমনা থানায় পাঠানো হয়েছিল।
বেসিক ব্যাংকের অপসারিত কর্মকর্তারা হলেন সাবেক ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদ।
গত সোমবার ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালত এই তিনজনের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৭ জানুয়ারি তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে ঋণ জালিয়াতির ঘটনায় করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। দুই মামলায় তিনজনের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। দুই মামলায় প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন।
গ্রেপ্তার হওয়া ফজলুস সোবহান ৪৭টি, মো. সেলিম আটটি এবং শিপার আহমেদ ২১টি মামলার আসামি।
প্রাথমিকভাবে তাঁদের দুটি করে মামলায় গ্রেপ্তার করা হলেও পরে অন্য মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে বলে দুদক সূত্র জানায়।