বেসিক ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংক
বেসিক ব্যাংক

বাংলাদেশ ব্যাংক অবশেষে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সরকারের কাছে সুপারিশ করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৬ ও ৪৭ ধারা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত সুপারিশটি পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সুপারিশের চিঠিতে কিছু কৌশলী ভাষা ব্যবহার করেছে। আইনের ৪৬ ও ৪৭ ধারার উল্লেখ করে তারা বলেছে, তাদের দিক থেকে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন সরকারের দিক থেকে ‘ব্যবস্থা গ্রহণীয়’ হবে।
প্রথম আলোর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে তাঁদের যা করণীয় ছিল তাঁরা তা করেছেন। তিনি বলেন, ‘এখন ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসারে সরকারের দিক থেকে করণীয় সরকার করতে পারে।’
অবশ্য এরই মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, তিনি পর্ষদ পুনর্গঠন করবেন। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘পর্ষদ ভাঙা হলে দায়িত্ব (ব্যাংকটির) নেবে কে?’ পরে তিনি বলেন, পুনর্গঠন করা হবে। কবে নাগাদ পুনর্গঠন হতে পারে জানতে চাইলে মুহিত বলেন, ‘শিগগিরই’। অর্থমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের চিঠিটি এখনো আমি দেখিনি। তবে গভর্নরের সঙ্গে সকালে কথা হয়েছে, সব বিষয়ই আমি জানি।’
বেসিক ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তিনি নিজেকে বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন দাবি করেন। আবদুল হাই এরশাদ আমলে বাগেরহাট-মোল্লারহাট থেকে একবার সাংসদও হয়েছিলেন। তিনি প্রথম মেয়াদে তিন বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পান ২০০৯ সালের সেপ্টেম্বরে। ২০১১ সালেই সংবাদপত্রে বেসিক ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়। কিন্তু চেয়ারম্যানের মেয়াদ শেষ হলেও ২০১২ সালে তাঁকে আবার দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। যদিও এরই মধ্যে বেসিক ব্যাংকের পর্ষদে বড় ধরনের ঋণ অনিয়ম আবিষ্কার করে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ সেপ্টেম্বর চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার কথা।
সরকারের শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠতার কারণে অর্থমন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক দীর্ঘ তিন বছর ধরে ব্যাংকটির ক্রমাবনতিশীল পরিস্থিতির তথ্য-উপাত্ত পেলেও কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাতে ছিল বলে সূত্রগুলো জানাচ্ছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদে অন্য সাতজন সদস্য হলেন: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠিরশিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ, অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ, যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম ও আওয়ামী লীগের মাসিক মুখপত্র উত্তরণ-এর সহকারী সম্পাদক আনিস আহমেদ। এর সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক পদাধিকার বলে পর্ষদের সদস্য থাকেন।
এর আগে ব্যাংকটির গুরুতর আর্থিক অবনতি পরিস্থিতিতে গত ২৬ মে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে দুই বছরের জন্য অপসারণ করে। পরদিন ঢাকার গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখার নতুন ঋণ অনুমোদন বন্ধের নির্দেশ দেয়। আর বুধবার বেসিক ব্যাংকের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় ও জনস্বার্থে বেসিক ব্যাংকে এসব আইনি বিধান প্রয়োগ করা হয়েছে।
কেন্দ্রীয় বাংকের সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তাদের পদক্ষেপগুলো জানানো হয়েছে। একইসঙ্গে ব্যাংকের পরিস্থিতির কিছু চিত্রও তুলে ধরা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের মার্চ পর্যন্ত বেসিক ব্যাংক ১১ হাজার ৮১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যার মধ্যে দু্ই হাজার ৫৫৭ কোটি টাকা বা ২৩ দশমিক ০৮ শতাংশ খেলাপি ঋণ৷
বিতরণ করা ঋণের মধ্যে পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণে অনিয়ম হয়েছে৷ এর বেশির ভাগ ক্ষেত্রেই চেয়ারম্যান ও তাঁর আস্থাভাজন প্রভাবশালীরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে এসব অর্থ বের করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে৷ ঋণ জালিয়াতির পাশাপাশি ব্যাংকটিতে নিয়োগ ও পদোন্নতিতেও বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
আবদুল হাই দেশের বাইরে রয়েছেন বলে ব্যাংক সূত্রগুলো জানিয়েছে। যে কারণে তাঁর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পর্ষদের বিষয়ে কী বলেছে আমরা জানি না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগও আমাদের কিছু জানায়নি।’ এ পরিস্থিতিতে তিনি কোনো মন্তব্য করতে চাননি।