বেসিক ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত নিয়ে রুল
রাষ্ট্রখাতের প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মুনায়েম খানসহ পাঁচ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। রুলে কোন ধরনের কারণ দর্শানো ছাড়া তাঁদের সাময়িক বরখাস্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এ কে এম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন।
ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেসিক ব্যাংক কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২৯তম সভার সিন্ধান্ত অনুসারে গত ১৭ এপ্রিল ডিএমডিসহ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করা হয়েছে দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচ কর্মকর্তা আজ পৃথক রিট করেন। তাঁরা হলেন ডিএমডি এ মুনায়েম খান. মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিন চৌধুরী, খন্দকার শামীম হাসান ও মোহাম্মদ আলী, গুলশান শাখার সাবেক উপ ব্যবস্থাপক জাহিদ হাসান।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী ইমাম হোসেন তারেক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
আদেশের বিষয়টি জানিয়ে ইমাম হোসেন তারেক প্রথম আলোকে বলেন, কোন ধরনের কারণ দর্শানো ছাড়া পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা কেন বেআইনি হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বরখাস্তের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যে তাদের সুযোগ-সুবিধা প্রত্যাহার করেছে, তা স্থগিত করেছেন আদালত।