বেসিক ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক নিয়ে প্রথম আলোতে ২ জুলাই প্রকাশিত ‘নজিরবিহীন সব অনিয়ম’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছে ব্যাংকটি। বেসিক ব্যাংক বলেছে, প্রকাশিত সংবাদটি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বেসিক ব্যাংকের মধ্যকার দাপ্তরিক যোগাযোগের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদন প্রস্তুত করে অত্যন্ত দ্রুত সময়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের মতামত নেওয়ার জন্য মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগকে উপক্ষো করা হয়েছে।ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেসিক ব্যাংকে পাঠানো গোপনীয় চিঠি সংবাদমাধ্যমে প্রকাশের বিষয়টি বেসিক ব্যাংকের কাছে রহস্যজনক মনে হয়েছে। এতে প্রতীয়মান হয়, কোনো অদৃশ্য মহল তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে রাষ্ট্রের গোপনীয় বিষয় সংবাদমাধমে প্রকাশ করে একটি লাভজনক আর্থিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে চায়।বেসিক ব্যাংক আরও বলেছে, ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং অডিট আপত্তির বিষয়ে অত্যন্ত সজাগ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল জনমনে বিরূপ ধারণা তৈরির প্রয়াসে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের মতামত হুবহু পত্রিকায় প্রকাশ করে ব্যাংকের অগণিত আমানতকারী ও গ্রাহকের মাঝে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। প্রতিবেদকের জবাব: এর আগে গত ২৭ জুন ‘বেসিক ব্যাংকে বড় জালিয়াতি’ শীর্ষক প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বেসিক ব্যাংক বলেছিল, প্রতিবেদনে প্রকাশিত পরিচালনা পর্ষদ নিয়মনীতি মানেনি সংবাদটি আদৌ সঠিক নয়। তারা শাখা থেকে প্রতিটি গ্রাহকের ঋণ অনুমোদন পর্যন্ত কীভাবে তা একেকটা পর্যায়ে যাচাই-বাছাই হয়, তার ফিরিস্তি দিয়েছিল। বিভিন্ন সংবাদপত্রে এমন বিজ্ঞাপনও ছাপা হয়েছে। আর এ দফায় বাংলাদেশ ব্যাংকের চিঠি ধরেই প্রতিবেদন করা হলে উল্টো সুর তুলেছে বেসিক ব্যাংক। কোনো ব্যাংকের অনিয়ম-জালিয়াতির খবর প্রকাশিত হলে তা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয় না। বরং আমানতকারীর স্বার্থ রক্ষার জন্যই সংশ্লিষ্টদের তৎপর করতেই সংবাদ প্রকাশ করা হয়।