বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা রিমান্ডে
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির অপসারিত দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং এক উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেসিক ব্যাংকের সাবেক দুই ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের দুই উপপরিচালক ঋত্বিক সাহা, মো. ইব্রাহীমসহ মামলার তদন্ত কর্মকর্তারা। প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁদের রাজধানীর রমনা থানায় পাঠানো হয়। সেখান থেকে কাল সোমবার দুদকে এনে তাঁদের দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রটি জানিয়েছে।
দুদকের তদন্ত দলটির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রথম পর্যায়ে তাঁদের তিনদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আরও তিন দিন রিমান্ডে আনা হবে।
গত সোমবার ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালত এই তিনজনের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৭ জানুয়ারি তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে ঋণ জালিয়াতির ঘটনায় করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। দুই মামলায় তিনজনের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। দুই মামলায় প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন।
গ্রেপ্তার হওয়া ফজলুস সোবহান ৪৭ টি, মো. সেলিম আটটি এবং শিপার আহমেদ ২১টি মামলার আসামি।
প্রাথমিকভাবে তাঁদের দুটি করে মামলায় গ্রেপ্তার করা হলেও পরে অন্য মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে বলে দুদক সূত্র জানায়।