বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির অপসারিত দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং এক উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) আগামী রোববার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণ জালিয়াতির ঘটনা তদন্তে গঠিত দুদকের তদন্ত দলের সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালত গতকাল সোমবার এই তিনজনের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার বেসিক ব্যাংকের সাবেক এই দুই ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে ঋণ জালিয়াতির ঘটনায় করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠান।
গতকাল মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে তিনজনের জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন তিন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, শেখ হেমায়েত হোসেন ও আওলাদ হোসেন খান। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে দুই মামলায় প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুদকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, দুই মামলায় তিনজনের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন।