বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির গ্রেপ্তার হওয়া সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামান দুই মামলায় তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদে তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকালে দুই মামলায় তাঁদের রিমান্ড-বিষয়ক শুনানি শেষ হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, দুই মামলায় তিনজনের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ব্যাংকটির সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্ত করেছে। পরে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই আদালতে পাঠানো হয়। দুদক তাঁদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানায়।

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১,২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ জন আসামির মধ্যে ২৭ জন বেসিক ব্যাংকের কর্মকর্তা।

গ্রেপ্তার হওয়া ফজলুস সোবহান ৪৭টি, মো. সেলিম আটটি এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদ ২১টি মামলার আসামি।