বেসিক ব্যাংকের সাবেক দুই ডিএমডিসহ তিনজন দুদকের রিমান্ডে
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির অপসারিত দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সূত্র বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেসিক ব্যাংকের সাবেক দুই ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের দুই উপপরিচালক ঋত্বিক সাহা, মো. ইব্রাহীমসহ মামলার তদন্ত কর্মকর্তারা। প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁদের রমনা থানায় পাঠানো হয়। সেখান থেকে আজ সোমবার দুদকে এনে তাঁদের দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদকের তদন্ত দলটির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ে ওই তিনজনকে তিন দিন জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আরও তিন দিনের রিমান্ডে আনা হবে।
৭ জানুয়ারি এই তিনজনকে আটক করে দুদক। পরে ঋণ জালিয়াতির ঘটনায় করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হয়। গত সোমবার ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালত তাঁদের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন ও মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন।
গ্রেপ্তার হওয়া ফজলুস সোবহান ৪৭টি, মো. সেলিম আটটি এবং শিপার আহমেদ ২১টি মামলার আসামি।