বেসিকের এমডি ফখরুল ইসলাম অপসারিত
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অবশেষে দুই বছরের জন্য অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৬ ধারায় আইন লঙ্ঘন, আমানতকারীর স্বার্থ বিঘ্নিত করা এবং জনস্বার্থে ফখরুল ইসলামকে অপসারণ করে।
সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বার্তাবাহক বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত আদেশটি তাঁকে পৌঁছে দেয়। এর আগে দুপুরেই ফখরুল ইসলামকে অফিসে থাকতে ফোনে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, ফখরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ হওয়ায় তাঁকে আইন অনুসারে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাঁর জবাব সন্তোষজনক হয়নি। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটিতে পাঠানো হলে তাঁকে ব্যক্তিগত শুনানিতে ডাকা হয়। তিনি বলেন, ‘সেখানেও জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে আইন অনুসারে অপসারণ করা হয়েছে।’
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক একসময় দেশের সেরা ব্যাংকগুলোর একটি ছিল। ২০০৯ সালের পর থেকে এই ব্যাংকের পরিস্থিতি খারাপ হতে থাকে। হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে ব্যাংকটিতে। সংবাদপত্রে বেসিক ব্যাংকের পরিস্থিতি নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক প্রথম দিকে সেগুলোকে আমলে নেয়নি। উপরন্তু, সরকারের শীর্ষ পর্যায় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদগুলোকে ‘অতিরঞ্জন’ ও ‘অজ্ঞতাপ্রসূত’ বলে সমালোচনা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখায় অন্তত সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ অনিয়ম, দুর্নীতি আবিষ্কার করে বছর তিনেক আগে। এ অনিয়ম আবিষ্কারের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলকে নানা হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হয়। এমনকি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে কেউ কেউ বারবার পরিদর্শক দলকে পরিদর্শনকাজ শেষ করার আগে ফেরত এনেছে—এমন অভিযোগও রয়েছে।
তবে পরিস্থিতি ক্রমশ খারাপ হলে প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি লিখে ব্যবস্থা নিতে বলছে। এ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংককে দিয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করিয়েছে। কিন্তু তাতে ঋণ অনিয়ম ঠেকানো যায়নি। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি এমডি কাজী ফখরুল ইসলামকে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ব্যাংকের পরিচালনা পর্ষদকেই হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়মের জন্য একাধিকবার দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। তবে গুরুতর অভিযোগ সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যবস্থা নিতে পারেনি। কারণ, ব্যাংক কোম্পানি আইনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে পর্ষদ বা সরকার নিয়োজিত পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে কেবল সরকারকে অবহিত করতে পারে।
আবার বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাচ্চু বর্তমান আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের অতি ঘনিষ্ঠজন বলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ অপারগ বলেও অভিযোগ রয়েছে।
কাজী ফখরুল ইসলামের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে গুরুতর ঋণ অনিয়ম যেমন রয়েছে, তেমনি জনবল নিয়োগ ও অতিদ্রুততার সঙ্গে দুজনকে ডিজিএম থেকে কয়েক দফা পদোন্নতি দিয়ে ডিএমডি করারও অভিযোগ রয়েছে।
বড় ঋণ অনিয়মগুলোর মধ্যে রয়েছে ডেল্টা সিস্টেমকে দেওয়া ঋণ। ঋণটি ক্ষতিজনকভাবে শ্রেণীকরণ করে কেন্দ্রীয় ব্যাংক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল৷ নির্দেশটি পালন করেননি অপসারিত এমডি। ওয়েস্ট কোস্ট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজের জামানতের দলিল ভুয়া ও অতিরঞ্জিত। মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনালের সিআইবি প্রতিবেদন না নিয়ে ঋণ দেওয়া হয়েছে। একইভাবে শাখার অপর গ্রাহক সুরমা স্টিল অ্যান্ড স্টিল ট্রেডিং কোম্পানি, মা টেক্সের ঋণের ক্ষেত্রেও গুরুতর সব অনিয়ম উদ্ঘাটন করে বাংলাদেশ ব্যাংক।
অপসারণের বিষয়ে বক্তব্য নিতে কাজী ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে ফোনে যোগাযোগ করা হয়। ফোন তিনি ধরলেও ভুল নম্বর বলে তা কেটে দেন। আইন অনুসারে কাজী ফখরুল ইসলাম এখন তাঁর শাস্তি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে আপিল করতে পারবেন। অপসারণের আদেশে বাংলাদেশ ব্যাংক এ কথা উল্লেখ করে বলেছে, আগামী দুই বছরের জন্য ফখরুল ইসলাম অন্য কোনো ব্যাংকে চাকরি করতে পারবেন না। তবে ফখরুল ইসলামের বর্তমান এমডি পদে চুক্তির মেয়াদ আগামী ৮ জুন শেষ হওয়ার কথা ছিল৷
সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি: এদিকে বেসিক ব্যাংকের সাময়িকভাবে বরখাস্তকৃত (বর্তমানে আদালতের স্থগিতাদেশ রয়েছে) ডিএমডি মোয়ায়েম খান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল নোটিশ করেছে৷