গাজীপুর সদরের পোড়াবাড়ীতে ২৫ একর জমির মালিকানা নিয়ে বেস্টওয়ে-ভূঁইয়া প্রপার্টিজ ও এলাকাবাসীর মধ্যে বিরোধ মীমাংসায় গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। তবে বৈঠকে তেমন অগ্রগতি হয়নি বলে জানা গেছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার জানান, বিরোধপূর্ণ ওই জমিতে বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসা, বাজার ও কবরস্থান রয়েছে। ওই এলাকার দখল নিয়ে এর আগে এলাকাবাসী ও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়। এসব বিষয় মীমাংসার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মীমাংসা বৈঠক সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষকে নিয়ে আবারও বৈঠক করা হবে।বৈঠকে এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা এম এ মান্নান। বেস্টওয়ে-ভূঁইয়া প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন ভূঁইয়া ও তাঁর আইনজীবীরা বৈঠকে তাঁদের লিখিত বক্তব্য ও কাগজপত্র উপস্থাপন করেন।