‘পুরাকীর্তি’ ঘোষণাতেই আটকে আছে বগুড়ায় বিক্রি হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘নওয়াব প্যালেস’ সংরক্ষণের উদ্যোগ। চার মাস আগে প্রজ্ঞাপন (গেজেট) জারি হলেও এখনো স্থাপনাটি সরকারি নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
নওয়াব প্যালেস সংরক্ষণে আন্দোলনকারীদের অন্যতম এবং বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান প্রথম আলোকে বলেন, প্রত্নতাত্ত্বিক সম্পদটি বেহাতের শঙ্কা এখনো কাটেনি। শুধু গেজেট প্রকাশ করলেই চলবে না, আগামী জানুয়ারিতে বগুড়াকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণার কথা রয়েছে। এর আগেই নওয়াব প্যালেস সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।
আন্দোলনকারীরা বলছেন, ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণা করা ছাড়া স্থাপনাটি সরকারি হেফাজতে নেওয়ার আর তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নওয়াবের উত্তরসূরিদের কাছ থেকে গোপনে দলিল করে নেওয়া শহরের প্রভাবশালী তিন ব্যবসায়ী এখনো নওয়াব প্যালেস নিয়ন্ত্রণ করছেন।
বর্তমান মালিকদের একজন বগুড়ার ব্যবসায়ী আবদুল গফুর প্রথম আলোকে বলেন, নওয়াবের উত্তরসূরিরা এটি স্বেচ্ছায় বিক্রি করেছেন। বগুড়ায় ভালো কিছু করার স্বপ্ন থেকে ২৭ কোটি টাকায় এই প্যালেস কিনেছিলেন তাঁরা। সরকার এটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের আপত্তি নেই। বগুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি ও শাহ সুলতান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর আরও বলেন, ‘অধিগ্রহণের জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে মাস তিনেক আগে চিঠিও দিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। ফলে আমরা এত টাকা বিনিয়োগের পর এটি নিয়ে কোনো কিছু করতে পারছি না। আবার সরকারকে এটি বুঝিয়ে দিয়ে আমরা বিনিয়োগের টাকাও ফেরত পাচ্ছি না।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্র জানায়, কয়েক শ বছরের পুরোনো ‘নওয়াব প্যালেস’ ওয়াক্ফ সম্পত্তি হলেও তা কেনাবেচার তৎপরতা শুরু হয় গত বছরের মাঝামাঝি। প্যালেস ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য তা কেনার উদ্যোগ নেন আবদুল গফুরসহ জেলার প্রভাবশালী তিন ব্যবসায়ী। কিন্তু সংস্কৃতিকর্মীসহ পেশাজীবীদের আন্দোলনের মুখে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন নড়েচড়ে বসে। দুই পক্ষের চিঠি চালাচালির মধ্যেই গত বছরের ১৫ এপ্রিল স্থাপনাটি গোপনে কিনে নেন ওই তিন ব্যবসায়ী। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতিঘেরা স্থাপনাটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সেটিকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনের অনুলিপি গত ২২ মে নওয়াব প্যালেসের প্রধান ফটক ও ভেতরের অংশে টাঙিয়ে দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, গেজেট প্রকাশের পর এখন ‘নওয়াব প্যালেস’ সরকারি হেফাজতে নেওয়ার দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের। তবে কেউ যাতে প্যালেসের কোনো ক্ষতিসাধন বা পরিবর্তন করতে না পারে, সে জন্য একজন কর্মচারী সেখানে নিযুক্ত করেছে অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নওয়াব প্যালেসে দর্শনার্থীর সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। প্যালেস চত্বরের নানা ভাস্কর্য ও স্থাপত্যশৈলীতে ধুলাবালির আস্তরণ পড়েছে। প্রতিবছর ঈদের আগে স্থাপত্যশৈলীতে রংচং ও সংস্কার করা হলেও এবার আর তা হয়নি। সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিযুক্ত কর্মচারী বললেন, তিনি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে অবস্থান করেন। ফলে বাকি সময়টা এবং ছুটির দিনগুলোতে এখনো অরক্ষিত থাকে ‘নওয়াব প্যালেস’।
প্যালেসের দীর্ঘদিনের ব্যবস্থাপক জাহেদুর রহমান বলেন, নতুন মালিকেরা অনেক টাকা বিনিয়োগ করে প্যালেস কিনেছেন। অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে চালিয়ে এত টাকা তোলা সম্ভব নয়। নিশ্চয়ই প্যালেসটি নিয়ে তাঁদের অন্য কোনো বড় চিন্তা ছিল। সরকার এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের পরিকল্পনা আটকে গেছে।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নওয়াব প্যালেস অধিগ্রহণ করে, নাকি নির্বাহী আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছি। নির্দেশ পেলে যেকোনো সময় তা সরকারের হেফাজতে নেওয়া হবে।’
বগুড়ার জমিদার আবদুস সোবহান চৌধুরীর মেয়ে আলতাফুন্নেছাকে বিয়ে করেন টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার নওয়াব আলী চৌধুরী। আবদুস সোবহানের অবর্তমানে নাতি আলতাফ আলী জমিদারি ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি হন। তাঁর অবর্তমানে ছেলে সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী হন মোতোয়ালি। ১৯৫৩ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তাঁর অবর্তমানে নওয়াব প্যালেসের সম্পত্তি বিক্রি শুরু করেন তাঁর উত্তরসূরিরা। সর্বশেষ গত বছরের ১৫ এপ্রিল ১ একর ৫৫ শতাংশ জমিসহ নওয়াব প্যালেসটি ঢাকায় বসে অত্যন্ত গোপনে তিন ব্যবসায়ীকে দলিল করে দেন দুই উত্তরসূরি সৈয়দ হামদে আলী ও সৈয়দ হাম্মাদ আলী। ক্রেতা অন্য দুজন হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে এবং বগুড়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান এবং সহসভাপতি ও হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হাসান।