সড়কজুড়ে খানাখন্দ। ভারী বৃষ্টিপাত হলে সড়কে জমে যায় হাঁটু পরিমাণ পানি। এমনই অবস্থা চট্টগ্রামের পটিয়ার বিসিক শিল্পনগরের।
বিসিক সূত্র জানায়, পটিয়া বিসিক শিল্পনগরের অভ্যন্তরীণ সড়ক ১০ হাজার ৫৪ দশমিক ২৫১ মিটার। ১৯৮০ সালে পটিয়া বিসিক শিল্পনগর প্রতিষ্ঠিত হয়। ওই সময় তৈরি করা সড়কগুলো কখনো সংস্কার করা হয়নি। খানাখন্দের কারণে বেশির ভাগ সড়কই চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পনগরের দুটি প্রধান সড়ক ও দুটি শাখা সড়কের প্রায় এক হাজার মিটারের কংক্রিট উঠে গেছে। অন্য সড়কগুলোর অবস্থাও একই।
বিসিকের আরেফিন টেক্সটাইলের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা শওকত হোসেন বলেন, ‘১৯৯৭ সালে চাকরিতে এসে এখানকার সড়কগুলোর এই অবস্থা দেখছি। সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় একসময় নিজেরাই ইটের টুকরো এনে গর্ত ভরাট করেছি।’
বিসিকের একটি কারখানার শ্রমিক মুরশিদা খানম বলেন, ‘বর্ষাকালে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় আমাদের চলাচলে খুবই কষ্ট হয়।’
বিসিকের শ্রমিক বহনকারী বাসের চালক লিয়াকত আলী বলেন, ‘বর্ষাকালে বিসিকের ভেতরে গাড়ি চালাতে গিয়ে মনে হয় যেন পানির জাহাজ চালাচ্ছি।’ তিনি বলেন, গাড়ির চাকা গর্তে পড়ে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
বিসিক শিল্প এলাকায় শ্রমিক-কর্মচারী বহনকারী ২৬টি বাস, কাভার্ড ভ্যান, ট্রাক, টেম্পোসহ প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে থাকে।
বিসিক শিল্পনগরের আরেফিন টেক্সটাইল মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) যদু রঞ্জন চৌধুরী বলেন, বেহাল সড়কের ব্যাপারে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিটি পটিয়া পৌরসভার মেয়রের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।
পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, বিসিক শিল্পনগরের অভ্যন্তরীণ সড়ক সংস্কার ও নর্দমা নির্মাণের দায়িত্ব পৌরসভার নয়। পৌরসভার দায়িত্ব হচ্ছে বিসিকের অভ্যন্তরীণ সড়কে আলোকসজ্জা করা এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা। রাস্তাঘাট সংস্কার ও নর্দমা নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।
বিসিক শিল্পনগরের কর্মকর্তা সমীরণ বড়ুয়া বলেন, বিসিক এলাকা থেকে বাইরে পানি নিষ্কাশনের পথ নেই। তাই ভারী বৃষ্টিপাতের সময় পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, দুই বছর আগে সড়ক সংস্কার ও নর্দমা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের কাছে এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি।