বেহাল ঢাকা গেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা গেটের পশ্চিম অংশ ব্যবহার করে নির্মিত হয়েছে বসতভিটা। গেট বরাবর নির্মাণ করা হয়েছে টিনের ঘর । ছবি: হাসান রাজা
ঢাকা গেটের পশ্চিম অংশ ব্যবহার করে নির্মিত হয়েছে বসতভিটা। গেট বরাবর নির্মাণ করা হয়েছে টিনের ঘর । ছবি: হাসান রাজা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মোগল স্থাপনা ‘ঢাকা গেট’ অযত্ন-অবহেলায় এখন বেহাল। এরই মধ্যে দখল হয়ে গেছে মোগল ইতিহাসের সাক্ষী এই গেটের একটি অংশের স্থাপনা। দীর্ঘদিনের অযত্নে খসে পড়েছে চুন-সুরকি। অবৈধ স্থাপনা আর অসংখ্য পোস্টারের আড়ালে ঢাকা পড়ে গেছে গেটের স্থাপত্য সৌন্দর্য।
স্থাপনাটি সংরক্ষণ কিংবা দেখভালের দায়িত্ব কার, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে কিছু বলতে পারেনি। ফলে কার্যত অভিভাবকহীন হয়ে আছে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি।
রাজধানীর দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়ে হলদে রঙের বিশালাকার কয়েকটি স্তম্ভ। এ গেটের তিনটি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্রের দিকে, মাঝখানের অংশ পড়েছে সড়ক বিভাজকের মাঝে এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে।
ধারণা করা হয়, মোগল আমলে নির্মিত স্তম্ভগুলো মূলত ব্যবহূত হতো ঢাকার প্রবেশপথ হিসেবে। এটি ‘মীর জুমলার গেট’ নামেও পরিচিত। এ গেটের স্তম্ভগুলোর নির্মাণশৈলী নিয়ে বিতর্ক আছে। তৎকালীন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস মূল শহরের সঙ্গে রেসকোর্সকে যুক্ত করার জন্য রেসকোর্সের উত্তর-পূর্ব দিকে তৈরি করেন একটি রাস্তা। এই রাস্তার প্রবেশমূলে তৈরি দুটি স্তম্ভ এই প্রবেশপথ।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্রের পেছনে ঢাকা গেটের পশ্চিম অংশ ব্যবহার করে নির্মিত হয়েছে বসতভিটা। গেটের দেয়ালে লাগানো হয়েছে টিনের ঘর। সেখানে মানুষ বসবাসের বিভিন্ন সামগ্রী বর্তমান। তবে অবস্থান করছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। দেয়াল-ঘেঁষে চুলা তৈরির কারণে নষ্ট হয়ে গেছে গেটের সৌন্দর্য। খসে পড়ছে চুন-সুরকি। দেয়ালের অন্য পাশেরও একই অবস্থা।

স্তম্ভের মাঝামাঝি অংশটি সড়ক বিভাজকের মধ্যে পড়ায় তাতে লাগানো হয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাজারো পোস্টার। গত ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের প্রচ্ছদসহ অনেক কিছুই এখনো সেখানে রয়ে গেছে।

প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের মতে, এটি এখন অভিভাবকহীন অবস্থায় আছে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে। তিনি বলেন, যথাযথ সংস্কার করে স্থাপনাটির সামনে এর ইতিহাস লিখে সাজালে মানুষ আগ্রহ নিয়ে দেখতে ও ইতিহাস জানতে পারত।

যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় হলেও সংরক্ষিত ওই স্থাপনা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, এ ধরনের ঐতিহ্য স্মারক সংরক্ষণের ব্যাপারে আমাদের সচেতন হওয়া জরুরি।’

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার স্থাপনাটি তাঁদের তালিকায় নেই বলে দাবি করেন। তিনি বলেন, ‘যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে স্থাপনাটি, সেহেতু আমরা চাইলেই এটা নিয়ে কিছু করতে পারব না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা এটি বুঝে নেওয়ার চেষ্টা করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস প্রথম আলোকে বলেন, ‘স্থাপনাটি সিটি করপোরেশনের মূল রাস্তা ও ফুটপাতে পড়েছে। এটা দেখভালের দায়িত্ব আমাদের নয়। অন্তত এখন পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো কাজ করিনি।’