বেহাল দশায় বিপন্ন জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাই উপজেলার বাথুলি থেকে জালসা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে কার্পেটিং উঠে গেছে। গত বুধবার বেলিশ্বর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ধামরাই উপজেলার বাথুলি থেকে জালসা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে কার্পেটিং উঠে গেছে। গত বুধবার বেলিশ্বর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকার ধামরাই উপজেলার বাথুলি থেকে জালসা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে কার্পেটিং উঠে মানুষের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচোরা ওই সড়কে মাটি ও ইট বহনকারী ট্রাক চলাচলের কারণে ধুলায় ঢেকে গেছে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের মাঠ।
ধামরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, জালসা, বেলিশ্বর, রক্ষিত, মাড়াপাড়া ও বাথুলি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জন্য বছর দশেক আগে বাথুলি থেকে জালসা পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি ছোট যানবাহন, অটোরিকশা, রিকশা ও রিকশাভ্যানের জন্য উপযোগী হলেও কয়েক বছর ধরে ট্রাকে করে বিভিন্ন ইটভাটার মাটি ও ইট পরিবহন করার কারণে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
সড়কের দুই পাশে অন্তত ১০টি ইটভাটা রয়েছে। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে একটি ব্যক্তিগত গাড়ি আর ভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক ছাড়া আর কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এ সময় সড়কটির কোথাও কার্পেটিং চোখে পড়েনি। খোয়ার সঙ্গে বালু মিশে পুরো সড়ক লাল হয়ে আছে। কোনো যানবাহন চলাচল করলেই ধুলায় আচ্ছন্ন হয়ে যায়।
সড়কের ছবি তোলার সময় ঢাকা থেকে ইটভাটার এক মালিককে নিয়ে ভাড়ায় আসা ব্যক্তিগত গাড়ির চালক সুজন মিয়া গাড়ি থামিয়ে বলেন, ‘আগে জানলে পাঁচ হাজার টাকা ভাড়া দিলেও এই রাস্তায় আইতাম না। একটু ভালো কইরা লেইখেন ভাই, যাতে সড়কটার একটা গতি হয়।’
ধামরাইয়ের দ্বীমুখা গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক আরফান আলী বলেন, সরকার ঢাকা-আরিচা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে এর চালকেরা গাড়িতে গ্যাস নেওয়ার জন্য এই সড়ক ব্যবহার করে আসছিলেন। কিন্তু বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গ্যাসের জন্য তাঁদের ১০ থেকে ১২ কিলোমিটার পথ ঘুরে কালামপুর অথবা মানিকগঞ্জ যেতে হয়।
বেলিশ্বর গ্রামের ব্যবসায়ী আবু তাহের বলেন, মাটি ও ইট বহনকারী ট্রাক চলাচলের কারণে সাত বছর ধরে সড়কটির এই হাল। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। একই গ্রামের আনসার আলী বলেন, ভাঙাচোরা সড়কে দিন-রাত ট্রাক চলাচলের কারণে বছরের প্রায় আট মাসই তাঁদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ধুলার কারণে সড়কের দুই পাশের বাসিন্দাদের বাড়িঘরে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। ধুলার প্রভাব এতটাই যে পুকুরের পানি পর্যন্ত কর্দমাক্ত হয়ে যায়।
স্থানীয় গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাদের মোল্লা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়কে ট্রাকে ইটভাটার মাটি ও ইট পরিবহন নিষিদ্ধ হলেও ভাটার মালিকেরা তা মানছেন না। এরপরও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আইনটির যথাযথ প্রয়োগ হলে সড়কটির এমন বেহাল দশা হতো না।
এ প্রসঙ্গে ধামরাই উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় এলজিইডির সড়কে চলাচলকারী ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে শুধু বাথুলি-জালসা সড়কই নয়, গ্রামের সব পাকা সড়কই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তিনি বলেন, সড়কটি সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।