বেহাল পার্ক, হতাশ খুলনাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাল পাক
বেহাল পাক

ধুলায় ধূসর মাঠ, আবর্জনায় ভরা; কোথাও আবার মাঠজুড়ে ছড়ানো নির্মাণসামগ্রীর স্তূপ—খুলনা শহরের পার্কগুলোতে অযত্ন ও অব্যবস্থাপনার ছাপ প্রকট। আছে দুটি বিনোদনকেন্দ্র, যেগুলোর সুযোগ-সুবিধাও গড়পড়তা। দেশের তৃতীয় বৃহত্তম এ নগরের বাসিন্দারা বলেন, শহরে বেড়ানোর জায়গা নেই।
বয়রা এলাকার বাসিন্দা তাহমিনা আফরোজ যেমনটা বললেন, শহরে এমন কোনো জায়গা নেই যেখানে মেয়েরা নিরাপদে ঘুরতে পারে। ঘুরেফিরে, প্রয়োজনে-অপ্রয়োজনে মার্কেটেই যাওয়া হয়। দৌলতপুরের বাসিন্দা অধ্যাপক সাঈদুর রহমানের বক্তব্য, খুলনায় মধ্যবিত্ত পরিবারের মানুষের বিনোদনের জন্য রুচিশীল কোনো জায়গা নেই।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মুখ্য পরিকল্পনা কর্মকর্তা আবীর উল জব্বারের হিসাবে, প্রায় ১৫ লাখ মানুষের এ নগরে ছোট-বড় মিলিয়ে কেসিসির পার্ক আছে নয়টি। এগুলোরই একটি বেসরকারি বিনোদনকেন্দ্র ‘ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক’কে ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) জমিতে হয়েছে ‘এসএস শিশুপার্ক’।
সরেজমিনে দেখা যায়, সবগুলো পার্কই কমবেশি অপরিচ্ছন্ন। কেসিসির সহকারী কনজারভেন্সি (সংরক্ষণ) কর্মকর্তা এস কে এম তাসাদুজ্জামান বলছেন, পার্কগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। তবে এর জন্য আলাদা লোকবল থাকলে ভালো হতো।
কেসিসির মেয়র মনিরুজ্জামান দাবি করেছেন, দিনে দুই-একবার পার্কগুলো পরিষ্কার করা হচ্ছে। তিনি বলেন, পাশাপাশি পার্কগুলোর সৌন্দর্যবর্ধনে কাজ হচ্ছে। আরও গাছপালা লাগানো হবে।
শহরের কেন্দ্রস্থলে শহীদ হাদিস পার্ককে সুন্দর করার জন্য প্রায় সাড়ে আট কোটি টাকার উন্নয়নকাজ চলছে ২০১০ সাল থেকে। পার্ক চত্বরে নতুন শহীদ মিনার নির্মাণ শেষ হয়েছে, কিন্তু অন্যান্য কাজ চলছে। ইট-রড ছড়ানো-ছিটানো। শিববাড়ির বাসিন্দা নাজমা সেলিম বললেন, বাজে লোকদের আড্ডাখানায় পরিণত হয়েছে জায়গাটি। এর পরিবেশ বাচ্চাদের নিয়ে হাঁটতে যাবারও উপযুক্ত না। আবীর উল বলছেন, উন্নয়নকাজ শেষ হলে কেসিসি এ ব্যাপারে কঠোর হবে।
সোনাডাঙ্গা এলাকায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘সোলার পার্ক’-এরও বড় সমস্যা অপরিছন্নতা ও নিরাপত্তাহীনতা। কেসিসির নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক) জাহিদ হোসেন শেখ বলেন, বহু কষ্টে বখাটেদের উৎপাত থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে। পার্কটির মধ্যে আছে সোনাডাঙ্গা সোলার লেক। এলাকার বস্তিতে আগুন লাগার পর ক্ষতিগ্রস্তদের লেকের পাড়ে আশ্রয় দিলে লেক পরিষ্কারের কাজ থমকে যায়।
পাঁচটি পার্ক ছোট, এক বিঘার মতো আয়তনের। আবীর উল বলেন, শহরের মহাপরিকল্পনা ঠিকভাবে করা হয়নি। তাছাড়া অপরিকল্পিতভাবে সরকারি জমি ইজারা দেওয়ার ফলে শহরের ভেতরে পূর্ণাঙ্গ পার্ক গড়ে তোলার জায়গা নেই।
মেয়র মনিরুজ্জামান যদিও বলছেন, করপোরেশনের নিজস্ব জমিতে আরও পার্ক হবে, কিন্তু একাধিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার নজির আছে। ইসলামাবাদে পার্কের বদলে খেলার মাঠ হয়েছে। খালিসপুর আবাসিক এলাকায় পরিকল্পনাটাই বাদ পড়েছে। কাস্টমঘাট থেকে আলুতলা এবং আলুতলা থেকে রায়েরমল পর্যন্ত ভৈরব ও রূপসা নদীর পাড়ে একটানা পার্ক তৈরির প্রস্তাব আলোর মুখ দেখেনি।
নদীর পাড় ধরে একটানা পার্ককে বলে লিনিয়ার পার্ক। কেসিসি একটি লিনিয়ার পার্ক তৈরি করছে ময়ূর নদীর তীরে। প্রকল্পটি ২০০৭-০৮ সালে অনুমোদন পেলেও কাজ শুরু হয় ২০১১ সালে, ২২ কোটি টাকার বাজেট গড়িয়েছে ৩৩ কোটিতে।
আবীর উল জানিয়েছেন, জমি অধিগ্রহণ করতে সময় লেগেছে। যন্ত্রপাতি ও কাঁচামালের দাম বাড়ায় বাজেটও বেড়েছে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে কর্মরত শ্রমিকেরা বলছেন, আরও দুই বছর লাগতে পারে। মেয়র অবশ্য বলেছেন, বেশির ভাগ কাজই হয়ে গেছে।
জমি ইজারা নিয়ে ব্যক্তিমালিকানায় যে দুটি বিনোদনকেন্দ্র চলছে, সেগুলো নিয়েও সন্তুষ্ট নয় নগরবাসী। ১৯৯৬ সালে উদ্বোধনের পর খালিসপুরের ওয়ান্ডারল্যান্ডে আর নতুন কিছু যোগ হয়নি, লোকজন যায় কম। প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষক মাহতাব হোসেইন বললেন, কম জনসমাগমের জন্য আয়ও কম।
মুজগুন্নীর এসএস শিশুপার্কটি হয়েছে কেডিএর জমিতে। এখানে তরুণ-তরুণী জুটির ভিড়ের কথা তুলে গৃহিণী সুমা মণ্ডল বললেন, ‘শিশুপার্কে যে পরিবেশ থাকা দরকার তা এখানে নেই। কর্মকর্তাদের একজনের কথা, ‘টিকিট কেটে যাঁরা আসছেন, তাঁরা সবাইকে স্বাগত। তাঁদের ব্যক্তিগত আচরণের দায় আমাদের না।’