নির্মাণের এক বছরের মধ্যেই জামালপুর শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডাম্পিং এবং সঠিকভাবে কমপ্যাক্ট না করে সিসি ব্লক বসানোর কারণে বঁাধের বিভিন্ন স্থান ধসে পড়ছে। এতে বাঁধের আশপাশের স্থাপনাও ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় লোকজন জানান, বাঁধের বেহাল দশার কারণে জামালপুর পৌরসভা ভবন, জিলা স্কুল, পৌর কমিউনিটি সেন্টার, এলজিইডি ভবন, সার্কিট হাউস, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল, জামালপুর জজ কোর্ট, জেলা পরিষদ ভবন, সদর থানা, পুলিশ সুপারের কার্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শহরের প্রধান সড়ক হুমকির মুখে পড়েছে। শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় ওই সব স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক বন্যায় শহরের দেওয়ানপাড়া এলাকায় বাঁধের প্রায় ৭০ মিটার ধসে গেছে।
স্থানীয় কয়েকজন জানান, শহরের দেওয়ানপাড়া এলাকায় ২৪ সেপ্টেম্বর বন্যায় বাঁধের প্রায় ৭০ মিটার ধসে যায়। গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বাঁধ পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগের (বালুভর্তি বস্তা) ব্যবস্থা করেন। তবে এখনো বাঁধটি রক্ষায় পাউবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, কাজ শেষ হওয়ার আগেই ২০১২ সালে শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ে। সম্প্রতি বন্যায় বাঁধে ধস নামতে শুরু হলে জরুরি ভিত্তিতে পাউবো জিও ব্যাগ ফেলে কিছুটা রক্ষার চেষ্টা করে। এক বছরের মাথায় বাঁধে ধসের কারণ হিসেবে নবকুমার চৌধুরী বলেন, ব্রহ্মপুত্রের গতিপথ শহররক্ষা বাঁধ থেকে অনেক দূরে ছিল। কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় শহররক্ষা বাঁধ এখন হুমকির মুখে পড়েছে। শুকনো মৌসুমেই বাঁধের মেরামতের কাজ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত মঙ্গলবার শহররক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, পানি কমার সঙ্গে সঙ্গে বাঁধের বিভিন্ন স্থানে ধসে যাওয়া অংশ ভেসে উঠছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাত্র দুই-তিন শ গজ দূরেই রয়েছে ভাঙন। বাঁধ রক্ষায় পাউবো যে বালুর বস্তাগুলো ফেলেছে সেগুলোও ভেসে রয়েছে। শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থানে রয়েছে বড় বড় ফাটল। এ ছাড়া শহরের পালপাড়া কালীমন্দির এলাকা, চালাপাড়া, পৌর সভা ও কালীঘাট এলাকা, বানিয়াবাজার এলাকা, জিলা স্কুলের পেছনের এলাকা ও দেওয়ানপাড়াসহ প্রায় ১০টি অংশে বাঁধের সিসি ব্লক সরে গেছে।
শহররক্ষা বাঁধ এলাকার বাসিন্দা মনজু আহম্মেদ বলেন, বর্ষার আগে বাঁধটি মেরামত না করলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাঙনের হাত থেকে রক্ষা করা যাবে না।
জামালপুর পাউবো সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষা করতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তাঘাট রক্ষা করতে ‘সেকেন্ডারি টাউনস্ ইন্টিগ্রেটেট ফ্লাড প্রটেকশন প্রজেক্ট-২ (স্টিফ-২)’-এর আওতায় নদীতীর প্রতিরক্ষা কাজ শুরু হয়। ব্রহ্মপুত্র সেতু থেকে শহরের পাথালিয়া পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ ছিল ৫১ কোটি টাকা। নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে। ২০১৩ সালে কাজ শেষ হয়। সাম্প্রতিক সময়ের এই ভাঙন থেকে বাঁধকে রক্ষা করতে ১৬ অক্টোবর ২৫ কোটি টাকার একটি বরাদ্দ চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা শামীম আহম্মেদ বলেন, বালু ফেলে সঠিকভাবে কমপ্যাক্ট না করে সিসি ব্লক বসানোর কারণে এবং প্রয়োজনীয় ডাম্পিং না করায় বাঁধের এ দশা হয়েছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, শুকনো মৌসুমে কাজ করার জন্য পাউবোকে বলা হয়েছে। বর্ষার আগে বাঁধের কাজ না করা গেলে জেলা প্রশাসন কার্যালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।