বেহাল রাস্তার কারণে ছয়টি গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তার অবস্থা দেখে আমাদের গ্রামগুলোতে আত্মীয়তা করতে বাইরের মানুষ দ্বিধান্বিত থাকে। আত্মীয়স্বজন সহজে বেড়াতে আসতে চায় না।’ দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার টাওয়াইল গ্রামের খারুয়া ইউনিয়নের টাওয়াইল গ্রামের আজিজুল হক (৪৫)।টাওয়াইল গ্রামের চারপাশে খারুয়া, হাবাতিয়াকান্দা, মাটিকাটা, কোনাবাগুরি, জামতলাসহ ছয়টি গ্রামের অবস্থান। এসব গ্রামে প্রবেশ করতে হয় টাওয়াইল বাজারের ওপর দিয়ে যাওয়া সড়কটি ব্যবহার করে। এ রাস্তাটি কাঁচা। এটির উন্নয়ন বা পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলা সদর থেকে টাওয়াইল বাজারের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। ভালো একটি রাস্তা না থাকায় ওই ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যুগ যুগ ধরে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। এখানকার প্রধান অর্থকরী ফসল ধান, পাট, পান ও মাছ। সড়কের বেহাল অবস্থার কারণে উৎপাদিত পণ্য উপজেলা সদরে নিতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে। এলাকার অনেকে জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ ও ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই গ্রামের প্রধান সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর এ বিষয়ে আর কেউ খোঁজ নেননি। টাওয়াইল বাজারের ব্যবসায়ী দুলাল মিয়া (৪৫) বলেন, ‘আমরা যে কী মসিবতে আছি তা কেউ বুঝতে চায় না।’ বাজারের পাশের মাটিকাটা গ্রামের বাসিন্দা আ. গফুর (৬৫) বলেন, ‘সড়কের কাদা পাড়াইতে পাড়াইতে বুড়া অইয়া গেলাম। আমরার কষ্ট দূরকরণের লাইগ্যা কেউ আওগাইয়া আইল না।’ মুঠোফোনে জানতে চাইলে উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘আমার ইউনিয়নে রাস্তা কই দেখলাইন। সব তো গাতা (গর্ত)। শুধু এই ছয়টি গ্রাম নয়, পুরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থা অত্যন্ত খারাপ। কর্তৃপক্ষরে জানাইছি। কিন্ত কেউ আমার কথা শুনে না।’এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাস্তার উন্নয়নের ব্যাপারে এলাকার লোকজন আমার কাছে আবেদন করলে সেটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়ে ব্যবস্থা নেব।’