
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট বাজার সড়কের এক কিলোমিটার অংশে তৈরি হওয়া খানাখন্দ ও সেখানে জমে থাকা পানিতে সড়কটি চলার অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সড়কের দুপাশে অবস্থিত হাটবাজারে ক্রেতা-বিক্রেতারা।
হাটের ইজারাদার সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ হাটবাজার হচ্ছে জায়গীরহাট বাজার। সপ্তাহের সব দিন বাজার বসার সঙ্গে সঙ্গে এখানে শুক্র ও মঙ্গলবার বসে হাট। এখানে ছোট-বড় তিন শতাধিক দোকান রয়েছে। হাটের দিন জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন গরু, ছাগলসহ নানা ধরনের পণ্য বিক্রি করতে নিয়ে আসেন। বাজার সড়কের এক কিলোমিটার অংশ ভাঙা হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। আর গত কয়েক দিনের বৃষ্টিতে হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ চরমে উঠেছে।
সরেজমিনে গত বুধবার সকালে দেখা যায়, উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড থেকে পূর্বে এক কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানেই খানাখন্দ, এবড়োখেবড়ো। কোথাও পানি, আবার কাদা। ওই সড়ক দিয়ে হাটে প্রবেশ করতে হলে হেঁটে যাওয়াও কঠিন। সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা হেলেদুলে চলছে। কাদার মধ্যে গাড়ি আটকে যাওয়ার দৃশ্যও দেখা গেল।
এদিকে হাটের ভেতরে এবং সড়কের পাশ দিয়ে নর্দমাও নির্মাণ করা হয়নি। সামান্য বৃষ্টিতেই প্রায় সব জায়গায় পানি জমে যায়। দুই বছর ধরে সড়কটির এমন বেহাল। অথচ এ পর্যন্ত তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে ব্যবসায়ীদের অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেল, সেখানে হাটবাজার ব্যবসায়ীদের কোনো সমিতি নেই। বাজারের স্থানীয় রড-সিমেন্টের ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, এমনিতেই রাস্তা ভাঙা। তার ওপর বৃষ্টি। বর্ষাকাল না আসতেই যে দুর্ভোগ হয়েছে। সামনে আরও কত যে দুর্ভোগ হবে, আল্লাহই জানেন। সড়কের বেহাল দূর না হলে ব্যবসা করা দিনকে দিন কঠিন হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জায়গীরহাট বাজারের ইজারাদার মোকসেদ আলী বলেন, প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে এক বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে হাটটি। কিন্তু সড়কের এমন বেহালে ব্যবসা করা দায় হয়ে উঠেছে।
স্থানীয় লতিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী মণ্ডল বলেন, সড়কটি চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসনের সহায়তায় আপাতত ইট বিছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সড়কটির উন্নয়নের ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই সড়কটির উন্নয়নে আগামী অর্থবছরে উদ্যোগ নেওয়া হবে।